আল্লাহর ঘর থেকে কী নিয়ে ফিরব

ছবি: ফ্রিপিক

হজ ও ওমরাহ শুধু একটি সফর নয়; এটি একজন মুমিনের আত্মিক পুনর্জন্মের যাত্রা। মানুষ পৃথিবীর নানা দেশ ভ্রমণ করে স্মৃতি, ছবি বা উপহার নিয়ে ফিরে আসে; কিন্তু যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করে ফিরে আসে, তার সবচেয়ে বড় প্রাপ্তি হওয়া উচিত একটি পরিবর্তিত হৃদয়, বিশুদ্ধ ইমান এবং নতুন জীবনদর্শন।

কাবার সামনে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করে, এই দুনিয়ার সমস্ত গৌরব, অহংকার ও কৃত্রিমতা কত ক্ষণস্থায়ী! সেখানে মানুষ শুধু আল্লাহর বান্দা হিসেবেই পরিচিত। তাই হজ বা ওমরাহর প্রকৃত শিক্ষা হলো আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, ইমানের দৃঢ়তা এবং জীবনকে পবিত্র করে তোলার অঙ্গীকার।

একজন হাজি যখন জমজমের পানি পান করে, তখন তার মনে রাখা উচিত, এই পানির পেছনে আছে এক মায়ের অবিচল আস্থা এবং আল্লাহর রহমতের ইতিহাস।

১. ইমান

এই সফরের প্রথম শিক্ষা হলো তাওহিদ ও ইমান-ইয়াকিনের দৃঢ়তা। কাবার প্রতিটি ইট, সাফা-মারওয়ার প্রতিটি পদচিহ্ন, আরাফার প্রতিটি মুহূর্ত মানুষকে মনে করিয়ে দেয়—জীবনের সবকিছু আল্লাহর জন্য।

হজরত ইব্রাহিম (আ.) এর জীবন ছিল তাওহিদের বাস্তব উদাহরণ। তিনি ঘোষণা করেছিলেন, তাঁর নামাজ, কোরবানি, জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য। (দেখুন সুরা আনআম : ১৬২-১৬৩)

হজের সফরে একজন মুমিনও সেই শিক্ষাই গ্রহণ করে, তার ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা।

হাজেরা (আ.)–এর জীবনের ঘটনাও ইমান ও ইয়াকিনের এক অনন্য দৃষ্টান্ত। জনমানবহীন মরুভূমিতে শিশু সন্তানকে নিয়ে একা অবস্থান করেও তিনি বলেছিলেন, “আল্লাহ আমাদের ধ্বংস করবেন না।” (সুনানে নাসায়ি, হাদিস: ৮৩২০)

এই বিশ্বাসই প্রকৃত ইমান। একজন হাজি যখন জমজমের পানি পান করে, তখন তার মনে রাখা উচিত, এই পানির পেছনে আছে এক মায়ের অবিচল আস্থা এবং আল্লাহর রহমতের ইতিহাস। হজ থেকে ফিরে এসে যদি মানুষের অন্তরে আল্লাহর ওপর ভরসা বৃদ্ধি না পায়, তবে সে হজের মূল শিক্ষা থেকে বঞ্চিত রয়ে যায়।

আরও পড়ুন
সেখানে গিয়ে মানুষ তাওহিদ, ঐক্য ও ভ্রাতৃত্বের বাস্তব চিত্র দেখে। ভাষা, বর্ণ, দেশ ও সংস্কৃতির ভিন্নতা ভুলে লাখো মানুষ একই পোশাকে, একই কিবলামুখী হয়ে “লাব্বাইক” ধ্বনি তোলে।

২. আত্মসমর্পণ

হজের আরেকটি বড় শিক্ষা হলো আনুগত্য ও আত্মসমর্পণ। ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর কোরবানির ঘটনা মানুষের সামনে আত্মত্যাগের সর্বোচ্চ উদাহরণ।

পিতা যখন সন্তানকে আল্লাহর নির্দেশে কোরবানি করতে উদ্যত হলেন, আর সন্তান বিনা দ্বিধায় বলল, “আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। ”তখন পৃথিবী দেখেছিল আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের মহিমা। (সুরা বাকারা, আয়াত : ১৩১-১৩২)

হজের প্রতিটি বিধান—ইহরাম, তাওয়াফ, সাঈ, কোরবানি—মানুষকে শেখায়, একজন মুমিনের প্রকৃত পরিচয় হলো আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সম্পূর্ণ সোপর্দ করে দেওয়া।

এর সঙ্গে জড়িত ধৈর্য, ত্যাগ ও অবিচলতার শিক্ষা। হজের সফর কষ্টের সফর। কখনো ক্লান্তি, কখনো ভিড়, কখনো অসুবিধা—সবকিছু সহ্য করে মানুষ ইবাদত সম্পন্ন করে। এই কষ্ট মানুষকে ধৈর্যের শিক্ষা দেয়।

ইসমাইল (আ.)–এর মতো সবরকারীদের জীবন মানুষকে মনে করিয়ে দেয়—আল্লাহর পথে ত্যাগ ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। তাই হজ থেকে ফিরে এসে মানুষের জীবনে ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযম বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক হওয়া উচিত।

৩. সন্তুষ্টি

আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা হজের অন্যতম শিক্ষা। ইব্রাহিম, হাজেরা ও ইসমাইল (আ.)–এর জীবনে আমরা দেখি, তাঁরা আল্লাহর প্রতিটি সিদ্ধান্তকে আনন্দচিত্তে গ্রহণ করেছেন। (সুরা সাফফাত, আয়াত : ৯৯-১১১)

একজন হাজিও যখন আরাফার ময়দানে দাঁড়িয়ে নিজের অসহায়ত্ব অনুভব করে, তখন সে উপলব্ধি করে—মানুষের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। এই অনুভূতি তার হৃদয়ে প্রশান্তি সৃষ্টি করে এবং তাকে দুনিয়ার দুঃখ-কষ্ট মোকাবিলায় শক্তি দেয়।

আল্লাহর ঘর কাবা মানুষের জন্য হেদায়েত ও বরকতের কেন্দ্র। সেখানে গিয়ে মানুষ তাওহিদ, ঐক্য ও ভ্রাতৃত্বের বাস্তব চিত্র দেখে। ভাষা, বর্ণ, দেশ ও সংস্কৃতির ভিন্নতা ভুলে লাখো মানুষ একই পোশাকে, একই কিবলামুখী হয়ে “লাব্বাইক” ধ্বনি তোলে।

এটি মুসলিম উম্মাহর ঐক্যের এক অপূর্ব প্রতীক। একজন হাজি যদি এই শিক্ষা নিয়ে ফিরে আসে যে মুসলমানদের মাঝে বিভেদ নয়, বরং ঐক্যই ইসলামের শক্তি—তবে তার হজ সফলতার দিকে এগিয়ে যায়।

ইসলামে ইমানের পর সবচেয়ে বড় পবিত্রতা হলো উপার্জনের পবিত্রতা। হারাম উপার্জন মানুষের দোয়া ও ইবাদত কবুলের পথে বাধা সৃষ্টি করে।

৪. ইসলামের নিদর্শনকে শ্রদ্ধা

হজ মানুষের মাঝে ইসলামের নিদর্শনসমূহের প্রতি গভীর শ্রদ্ধাবোধ সৃষ্টি করে। কাবা, সাফা-মারওয়া, মিনা, আরাফা—এসব শুধু স্থান নয়; এগুলো ইমানের স্মৃতি ও ইসলামের প্রতীক। আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ।

তাই যে ব্যক্তি কাবা দর্শন করেছে, তার অন্তরে কোরআন, মসজিদ, ইবাদত ও ইসলামের প্রতীকসমূহের প্রতি আরও গভীর ভালোবাসা জন্ম নেওয়া উচিত। ইসলামের কোনো শিআরের অবমাননা তার কাছে অসহনীয় মনে হওয়াই স্বাভাবিক।

পবিত্রতা ও পরিচ্ছন্নতাও হজের মৌলিক শিক্ষা। কা‘বার নির্মাতা ইব্রাহিম ও ইসমাইল (আ.)–কে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, তাঁর ঘরকে পবিত্র রাখতে। (সুরা বাকারা, আয়াত: ১২৫)

এই শিক্ষা শুধু মসজিদ পরিষ্কার রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতার প্রতিও ইঙ্গিত করে। একজন হাজির চরিত্র হবে পরিচ্ছন্ন, ভাষা হবে মার্জিত, আচরণ হবে ভদ্র এবং অন্তর হবে হিংসা-বিদ্বেষমুক্ত। তার ঘর, মসজিদ ও সমাজও তার মাধ্যমে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল হওয়া উচিত।

আরও পড়ুন

৫. হালাল জীবিকা

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল জীবিকা। ইসলামে ইমানের পর সবচেয়ে বড় পবিত্রতা হলো উপার্জনের পবিত্রতা। হারাম উপার্জন মানুষের দোয়া ও ইবাদত কবুলের পথে বাধা সৃষ্টি করে। (সুবুলুল হুদা ওয়ার রাশাদ, ২/১৭০)

হজ থেকে ফিরে এসে যদি মানুষ সুদ, ঘুষ, প্রতারণা ও অন্যায় লেনদেন ত্যাগ করতে না পারে, তবে তার হজের প্রকৃত প্রভাব জীবনে প্রতিফলিত হয়নি। একজন মাবরুর হাজির পরিচয় হলো—সে হালাল-হারাম বেছে চলে, মানুষের হক আদায় করে এবং সততাকে জীবনের অংশ বানায়।

৬. সুন্দর পারিবারিক জীবন

হজ পারিবারিক জীবন সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নবী ইসমাইলের জীবন সন্তানদের পিতা-মাতার আনুগত্য শেখায়। হাজেরার জীবন স্ত্রীদের স্বামীর প্রতি বিশ্বস্ততা ও আস্থার শিক্ষা দেয়। আবার নবীজির জীবন স্বামীদের শেখায়—স্ত্রীর প্রতি উত্তম আচরণই প্রকৃত উত্তমতার পরিচয়। (মুসনাদে আহমাদ, হাদিস: ২৭৩৫২)

ফলে হজ থেকে ফিরে এসে মানুষের পারিবারিক সম্পর্ক আরও সুন্দর, আন্তরিক ও ইসলামভিত্তিক হওয়া উচিত।

সন্তানদের ইমানি তরবিয়তের বিষয়টিও এখানে বিশেষভাবে গুরুত্ব পায়। ইব্রাহিম (আ.) শুধু সন্তান লাভের দোয়া করেননি; বরং নেক সন্তান চেয়েছিলেন। তিনি তাঁর সন্তানদের ইমান ও আখেরাতের সফলতার জন্য চিন্তা করেছেন।

আজকের পিতামাতারও উচিত সন্তানদের শুধু দুনিয়াবি সফলতার জন্য নয়, বরং ইমানি ভবিষ্যতের জন্যও প্রস্তুত করা। যে পিতা-মাতা সন্তানকে ইসলামহীন করে বড় করে, তারা প্রকৃতপক্ষে সন্তানের প্রতি জুলুম করে।

জমজমের পানি ও মদিনার খেজুর বরকতময় উপহার হতে পারে; তবে তার চেয়েও বড় হাদিয়া হলো উত্তম আচার-আচরণ ও ইসলামি জীবন।

৭. দৃঢ় সংকল্প

হজ থেকে ফিরে আসার পর একজন মুমিনের কিছু দৃঢ় সংকল্প থাকা উচিত। সে নিজের চোখ, কান ও হৃদয়কে পাপ থেকে রক্ষা করবে। সে মনে রাখবে—আল্লাহ তাকে হারামাইন জিয়ারতের সৌভাগ্য দিয়েছেন; তাই তার জীবনও সম্মানিত হওয়া উচিত। সে পাপে লিপ্ত হলে দ্রুত তওবা করবে এবং নিষ্পাপ অবস্থাকে রক্ষা করার চেষ্টা করবে।

আল্লাহর রাসুল বলেছেন, যে হজ করল এবং সকল অশ্লীলতা ও পাপের কাজ থেকে বিরত থাকল, সে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। (সহিহ বুখারি, হাদিস: ১৫২১)

এ কারণে তার উচিত, সর্বদা কা‘বার মানুষদের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখবে এবং মহানবী (সা.)–এর বিদায় হজের উপদেশগুলো অনুসরণ করার চেষ্টা করবে।

শেষ কথা

একজন হাজির প্রকৃত উপহারও হওয়া উচিত ভিন্ন ধরনের। আত্মীয়-স্বজনের জন্য সবচেয়ে বড় উপহার হলো একটি পরিবর্তিত ও পবিত্র জীবন। তার চরিত্র, সততা, নম্রতা ও তাকওয়া দেখে মানুষ যেন হজের প্রতি আকৃষ্ট হয়।

জমজমের পানি ও মদিনার খেজুর বরকতময় উপহার হতে পারে; তবে তার চেয়েও বড় হাদিয়া হলো উত্তম আচার-আচরণ ও ইসলামি জীবন।

একইসঙ্গে হজ থেকে ফিরে এসে কিছু বিষয় বর্জন করাও জরুরি। পশ্চিমা সংস্কৃতির অশ্লীলতা, বেপর্দা, পাপ ও ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তিকর চিন্তাধারা কখনো হারামাইনের শিক্ষা হতে পারে না। হজ মানুষকে পাপমুক্ত ও তাকওয়াবান করার জন্য; তাই সেখানে গিয়ে ফিরে এসে যদি মানুষ আরও উদাসীন হয়ে যায়, তবে তা বড় ক্ষতির কারণ।

আরও পড়ুন