সম্প্রচার শেষ ২৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশ–নিউজিল্যান্ড: দ্বিতীয় টি–টুয়েন্টি পরিত্যক্ত ঘোষণা

১০: ৫৬ , এপ্রিল ২৯

দেখা হবে মিরপুরে

চট্টগ্রামে প্রথম টি–টুয়েন্টিতে ৬ উইকেটে জিতে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি–টুয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এই সিরিজে নিউজিল্যান্ডের আর জেতার সুযোগ নেই। তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি জিততে পারলে সিরিজে সমতা আনতে পারবে তারা। ভিন্ন কিছু হলে সিরিজ জিতবে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি হবে ২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, খেলা শুরু বেলা ২টায়।

১০: ২৮ , এপ্রিল ২৯

টিকিটের টাকা ফেরত পাবেন দর্শক

বৃষ্টির কারণে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টিতে একটি বলও খেলা হয়নি। ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনলাইনে যাঁরা টিকিট কেটেছেন, তাঁরা টাকা ফেরত পাবেন।

১০: ২২ , এপ্রিল ২৯

ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

খেলা চালু করা যায় কি না সিদ্ধান্ত নিতে ৪টা ৫০ পর্যন্ত সময় ছিল। কিন্তু বৃষ্টির তীব্রতা এমনই বেশি যে, থামার কোনো লক্ষণ নেই। শেষ সময় পর্যন্ত অপেক্ষা বৃথা বলে আগেভাগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

মাঠের জায়ান্ট স্ক্রিনে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা
প্রথম আলো

বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি–টুয়েন্টি পরিত্যক্তের মাধ্যমে চট্টগ্রাম পর্বের খেলা শেষ। ২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টি হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

০৯: ১৮ , এপ্রিল ২৯

শুরু হয়েছে ওভার কাটা

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন...

বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় টি–টুয়েন্টিতে ওভার কাটা শুরু হয়েছে। খেলা কি হবে? সম্ভাবনা কমই বলতে হয়। কারণ বৃষ্টি এখনও পড়ছে। থামার কোনো লক্ষণও নেই। কালো মেঘে ঢেকে আছে আকাশ। যথারীতি উইকেট ঢাকা কাভারে।

দর্শকরা মাঠে আছেন। কেউ কেউ বৃষ্টিতে ভিজে ছবিও তুলছেন। কিন্তু বেশিরভাগই তাকিয়ে আছেন মাঠে, বৃষ্টি থামার প্রার্থনা নিয়ে। ক্রিকেটাররা এখনও ড্রেসিংরুমে। সেখানে তাদেরও অপেক্ষা, বৃষ্টিটা যদি থামে!

বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে না পারায় ওভার কাটা শুরু হয়েছে।

আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যদি বিকাল ৪টা ৫০ মিনিটের মধ্যে খেলা শুরুর সিদ্ধান্ত হয়, তাহলে ৫টা ১৬ মিনিট থেকে হবে ৫ ওভারের ম্যাচ।

০৮: ৫২ , এপ্রিল ২৯

চ্যাম্পিয়নস লিগে ৯ গোলের থ্রিলার কি দেখেছেন?

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে সেমিফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল পিএসজি। ৯ গোলের এই থ্রিলারের ম্যাচ শেষ পর্যন্ত পিএসজি জিতলেও এমন এক রেশ রেখে গেছে, যা মনে থাকবে অনেক দিন। পড়তে পারেন চ্যাম্পিয়নস লিগে এই ম্যাচ নিয়ে প্রথম আলোর আয়োজন—

৯ গোলের উৎসবের রাতে বায়ার্নকে হারিয়ে এগিয়ে পিএসজি

এনরিকের ‘সেরা ম্যাচ’, কোম্পানির একদমই মজা লাগেনি

সংখ্যার গল্পে পিএসজি–বায়ার্নের ৯ গোলের ‘থ্রিলার’

পিএসজি–বায়ার্ন : এই আনন্দ রাখি কোথায়

০৮: ৪৮ , এপ্রিল ২৯

শ্রীলঙ্কায় পদত্যাগ...

বৃষ্টিতে যেহেতু খেলা শুরু হতে দেরি হবে, তাই অন্য দেশের ক্রিকেটের খবরও নিতে পারেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি ও নির্বাহী কমিটির সবাই আজ পদত্যাগ করেছেন। ক্লিক করুন নিচের লিংকে—

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি ও নির্বাহী কমিটির পদত্যাগ

০৮: ২৫ , এপ্রিল ২৯

বৃষ্টি–বাদলার দিনে অলসতার আড্ডায়

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। তাই খেলা শুরু হতেও দেরি হবে। দুই দলের খেলোয়াড়রা বেশ আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে গেলেও মাঠে নামতে পারেননি। ড্রেসিংরুমে অলস সময় কাটছে আড্ডায়।

স্টেডিয়ামে অবস্থান করা প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় দেখে নিন সেসব মুহূর্ত—

ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের কয়েকজন খেলোয়াড় ও স্টাফ। অপেক্ষায় কখন বৃষ্টি থামবে
শামসুল হক
নুরুল হাসানের হাতে কি কফির মগ? বৃষ্টি নামায় অলস সময় কাটছে বাংলাদেশ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যানেরও
শামসুল হক
ড্রেসিংরুমে বসে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। মাঠে নামতে না পেরে নিশ্চয়ই অলসতা পেয়ে বসেছে তাদের
শামসুল হক
ড্রেসিংরুমে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। মাঠে নামতে না পেরে কি তাঁর মন খারাপ?
শামসুল হক
কাভারে ঢাকা মাঠে নিঃসঙ্গ শেরপার মতো পড়ে আছে রোলার। বৃষ্টির ফোঁটা ছাড়া কোথাও কেউ নেই!
শামসুল হক
০৭: ৪৮ , এপ্রিল ২৯

ওভার কাটার হিসাব...

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন...

টস হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়, ম্যাচ শুরু দুপুর দুইটায়। বৃষ্টির কারণে দুটির কোনোটাই হচ্ছে না ঠিক সময়ে। বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে যদি খেলা শুরু করা যায়, তাহলে দুই ইনিংসে পুরো ২০ ওভারের ম্যাচই হবে । কিন্তু এ সময়ের মধ্যে খেলা শুরু করতে না পারলে ওভার কাটা শুরু হবে।

ম্যাচ হবে কি না, সেই সিদ্ধান্ত জানা যাবে বিকাল ৪টা ৫০ মিনিটে। তখন যদি খেলা শুরু করা যায়, তাহলে ৫টা ১৬ মিনিট থেকে শুরু হবে ৫ ওভারের ম্যাচ।

বৃষ্টিতে পানি জমেছে স্টেডিয়ামের সবচেয়ে উঁচু তলায়। অলস সময় কাটছে ক্যামেরাম্যানদের
শামসুল হক
০৭: ৪৫ , এপ্রিল ২৯

এখন কী অবস্থা

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন...

টসের সময় পেরিয়ে যাওয়ার পর বৃষ্টি আরও বেড়েছে। মাঠে আসা দর্শকদের কেউ কেউ এতক্ষণ গ্যালারিতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এখন সেই উপায়ও নেই, কারণ বৃষ্টি বেড়েছে। তারা অপেক্ষায় আছেন গ্যালারির ছাদের নিচে। মাঠে এখনও কেউ নেই, এমনকি মাঠকর্মীরাও। ড্রেসিংরুম থেকে বের হননি দুই দলের ক্রিকেটাররাও।

কাভারে ঢাকা পিচ
শামসুল হক
০৭: ৩৫ , এপ্রিল ২৯

নির্ধারিত সময়ে টস হয়নি

ম্যাচটি শুরু হওয়ার সময় দুপুর ২টায়। অর্থাৎ টসের সময় ছিল দুপুর ১টা ৩০ মিনিট। কিন্তু নির্ধারিত সময়ে টস হয়নি। অর্থাৎ খেলাও শুরু হবে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে। কারণটা এতক্ষণে নিশ্চয়ই সবারই জানা—বৃষ্টি! পিচ এবং তার আশপাশের আউটফিল্ড কাভারে ঢাকা।

০৭: ২৮ , এপ্রিল ২৯

খেলছে বৃষ্টি, ক্রিকেট খেলা হবে তো?

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, আজ সকালে বৃষ্টি ছিল না তেমন। সকাল সাড়ে দশটার দিকে বৃষ্টি শুরু হয়। এরপর বেশ বৃষ্টি হয়েছে। বেলা একটার দিকে একদমই গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। পিচ ঢাকা আছে কাভারে। মাঠেও কোনো তোড়জোর নেই। খেলা হবে কি না, বলা মুশকিল। বৃষ্টি থামলে আধ ঘণ্টার মধ্যেই মাঠ তৈরি হবে। তবে ম্যাচ শুরু হলেও তা যে দেরিতে হবে, সেটি এখন নিশ্চিতভাবেই বলা যায়।

বৃষ্টিস্নাত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে
শামসুল হক
০৭: ২৮ , এপ্রিল ২৯

স্বাগতম

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি–টুয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ভেন্যুতে প্রথম ম্যাচটি ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১–০ তে এগিয়ে লিটন দাসের দল।

অর্থাৎ, আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের, আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর।

সিরিজ জিততে কী করতে হবে, সেটা জানে বাংলাদেশ দল। জানতে ক্লিক করুন নিচের লিংকে—

সিরিজ জিততে কী করতে হবে, জানে বাংলাদেশ