বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক বাজে দল, মনে করেন কামরান আকমল
সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে রানে হারিয়ে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো দলকে টানা চার টেস্টে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।
সিলেটে আজ শেষ দিনে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২১ রান এবং বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। দিনের প্রথম এক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের শেষ তিন উইকেট তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২–০ ব্যবধানে জয়ের উল্লাসে মাতে নাজমুল হোসেনের দল। মিরপুরে প্রথম টেস্ট ১০৪ রানে জেতে বাংলাদেশ।
বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকে পাকিস্তান দল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে শান মাসুদের দলের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল। বাংলাদেশকে পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল বলে মন্তব্য করেন তিনি।
আজ দিনের শুরুটা ভালোই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। এ দুজন যতই প্রয়োজনীয় রান কমিয়ে আনছিলেন, ভয় বাড়ছিল বাংলাদেশের। কিন্তু তাইজুলের ঘূর্ণিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। ২৮ রান করা সাজিদকে ফেরান তিনি। পরের ওভারে শরীফুল ইসলামের শিকার হন ৯৪ রান করা রিজওয়ান। এরপর পাকিস্তানের শেষ ব্যাটসম্যান খুররাম শাহজাদকে ফিরয়ে বাংলাদেশকে উল্লাসে মাতিয়ে তুলেন তাইজুল।
বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন হার নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কামরান বলেন, ‘বাংলাদেশের কাছে আমরা টানা চার ম্যাাচ হেরেছি। তারা আমাদের কন্ডিশনে আমাদের হোয়াইটওয়াশ করে গেছে। খুবই আফসোসের কথা। তারা দেখিয়ে দিয়েছে, আমরা এখন কোথায় আছি। আমরা ওদের চেয়ে ভালো নয়, তাদের চেয়ে আমরা অনেক বাজে দল। তারা খুবই ভালো ক্রিকেট খেলেছে। দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’
এ সময় পাকিস্তান দলের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন কামরান, ‘২০২৪ সালে যা বলেছিলাম, সেটাই আবার বলব। এমনটা হওয়া উচিত হয়নি। বাংলাদেশ দলের কৃতিত্বকে ভুলে যাচ্ছি না। তবে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি বা যে ধরনের মানসিকতা দেখাচ্ছি, তা খুবই বাজে।’
গতকাল শান মাসুদ, সালমান আগা ও রিজওয়ানের ফিফটিতে একপর্যায়ে রেকর্ড গড়া (৪৩৭ রানের লক্ষ্য) জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। দুই টেস্ট মিলিয়ে শুধু সিলেটে তৃতীয় দিনেই কেবল পাকিস্তান ভালো খেলেছে বলে মন্তব্য করেন কামরান, ‘দুই টেস্ট মিলিয়ে গতকালের দিনটাই শুধু আমাদের জন্য ভালো ছিল। এই দিনই শুধু মনে হয়েছে, টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয়, সেটা আমরা জানি।’