সম্প্রচার শেষ ২৩ এপ্রিল ২০২৬

তৃতীয় ওয়ানডের শুরু থেকে শেষ: ৫৫ রানের জয়ের সঙ্গে সিরিজও বাংলাদেশের

১৩: ২৮ , এপ্রিল ২৩

২১০ রানে অলআউট নিউজিল্যান্ড, বাংলাদেশ জিতল ৫৫ রানে

শেষটা হলো সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে। মিরাজের বলে ফক্সক্রফটের বড় শট, লং অনে কিছুটা ডাইভ দিয়েই ক্যাচ নিলেন সাইফ। ৭২ বলে ৭৫ রান করা ফক্সক্রফটের বিদায়ে শেষ হলো নিউজিল্যান্ডের ইনিংস।

বাংলাদেশের ২৬৫ রান তাড়ায় নিউজিল্যান্ড ৪৪.৫ ওভারে অলআউট ২১০ রানে। বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডে জিতল ৫৫ রানে, সঙ্গে ২–১ ব্যবধানে সিরিজও।

ম্যাচ শেষ!
প্রথম আলো

নিউজিল্যান্ড ম্যাচের শুরুটা করেছিল ভালোই। বাংলাদেশের প্রথম ৩২ রানে তুলে নিয়েছিল ৩ উইকেট। আবার শেষের দিকে দলটির দশম উইকেট জুটি মাত্র ৩১ বলে তুলেছে ৫০ রান। তবে কিউইদের শুরু ও শেষের ভালো বাদে ম্যাচের বাকিটা সময়ে এগিয়েছিল বাংলাদেশই।

রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল। ৬১ রানে তৃতীয় উইকেট হারানো দলটিকে কিছুটা আশা জুগিয়েছিলেন নিক কেলি। এই বাঁহাতি ওপেনার ৫৯ রান করে ফিরে যাওয়ার পর আর কেউ হাল ধরতে পারেননি। ফক্সক্রফটের ৭৫ রানের ইনিংস শুধু ব্যবধানই কমাতে পেরেছে। বাংলাদেশের হয়ে কিউইদের চাপের মধ্যে ফেলার মূল কাজটি করেছেন মোস্তাফিজুর রহমান।

সিরিজে প্রথমবার খেলতে নামা এই পেসার ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। নাহিদ রানা ও মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ইনিংস: ৫০ ওভারে ২৬৫/৮ (নাজমুল ১০৫, লিটন ৭৬, তাওহিদ ৩৩, মিরাজ ২২; ও’রুর্ক ৩/৩২, লেনক্স ২/৫০, লিস্টার ২/৬২)।
নিউজিল্যান্ড ইনিংস: ৪৪.৫ ওভারে ২১০ (ফক্সক্রফট ৭৫, কেলি ৫৯, আব্বাস ২৫; মোস্তাফিজ ৫/৪৩, মিরাজ ২/৩৬, নাহিদ ২/৩৭)।
ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন (১১৯ বলে ১০৫ রান)।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী।
প্লেয়ার অব দ্য সিরিজ: নাহিদ রানা (৮ উইকেট)।
১২: ৫৯ , এপ্রিল ২৩

মোস্তাফিজের ষষ্ঠ ফাইফার

নিউজিল্যান্ড: ৪০ ওভারে ১৬০/৯

দলে ফিরেই পার্থক্য গড়ে দিলেন মোস্তাফিজ। নিলেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠবার ৫ উইকেট পেলেন এই বাঁহাতি পেসার।

সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরিয়েছেন ও রুর্ককে। সিরিজ জিততে বাংলাদেশের দরকার মাত্র ১ উইকেট।

১২: ৪৬ , এপ্রিল ২৩

মোস্তাফিজের চতুর্থ শিকার

মোস্তাফিজের বাউন্সারে সরাসরি মিডউইকেটে ক্যাচ দিলেন লেনক্স। দলীয় ১৫৪ রানে অষ্টম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

১২: ৩৮ , এপ্রিল ২৩

৭ উইকেট নেই নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড: ৩৬ ওভারে ১৫০/৭

শর্ট মিড উইকেটে মিরাজের অবিশ্বাস্য এক ক্যাচ! মোস্তাফিজের ১০৯.৮ কিমি গতির স্লোয়ারে ফ্লিক খেলার চেষ্টায় আউট হয়েছেন স্মিথ।

মিরাজ নিজের ডানদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচটি নিয়েছেন।

১২: ২৬ , এপ্রিল ২৩

ইয়র্কারে বোল্ড!

নিউজিল্যান্ড: ৩৪ ওভারে ১৪০/৬

নাহিদ রানার গতির কাছেই পরাস্ত হলেন ক্লার্কসন। উড়ে গেল স্টাম্প। ঘণ্টায় ১৪৮.৬ কিমি গতিতে বলটি করেছিলেন নাহিদ রানা।

নিউজিল্যান্ডের লক্ষ্য ২৬৬। এখনো দরকার ১২৬ রান।

১২: ০৯ , এপ্রিল ২৩

আব্বাসও ফিরলেন

নিউজিল্যান্ড: ৩০ ওভারে ১২৪/৫

বোল্ড!

শরীফুলের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন আব্বাস। ব্যাটের ভেতরের কানায় লেগে বলটি মিডল স্টাম্পে আঘাত হানে। ২৫ রানে আউট হয়েছেন আব্বাস।

ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের লক্ষ্য ২৬৬।

১১: ৪৪ , এপ্রিল ২৩

এ কী করলেন কেলি!

নিউজিল্যান্ড: ২৬ ওভারে ১০৯/৪

দারুণ ব্যাটিং করছিলেন কেলি। তবে মোস্তাফিজের নিরীহ এক স্লোয়ারে কাট করতে গিয়ে গড়বড়ে টাইমিংয়ে কাভারে তানজিদের হাতে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। ফিরেছেন ৫৯ রান করে।

১১: ২১ , এপ্রিল ২৩

কেলির ফিফটি

নিউজিল্যান্ড: ২২ ওভারে ৮৯/৩

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ রানের ইনিংস খেলেছেন। আজও করলেন ফিফটি। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ফিফটি পেয়েছেন এই ওপেনার।

১০: ৫৭ , এপ্রিল ২৩

যেভাবে ফিরলেন ল্যাথাম

নিউজিল্যান্ড: ১৭ ওভারে ৬১/৩

৫ রানেই ফিরলেন ল্যাথাম!

মিডল স্টাম্পে থাকা ফুল লেংথ বলটিকে ল্যাথাম নিচু হয়ে সুইপ করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের ওপরের কানায় লেগে শর্ট ফাইন লেগ অঞ্চলে। সেখানে থাকা ফিল্ডার শরীফুল সহজেই ক্যাচটি নেন।

নিউজিল্যান্ডের লক্ষ্য ২৬৬।

১০: ৪৩ , এপ্রিল ২৩

নাহিদ রানার প্রথম উইকেট

নিউজিল্যান্ড: ১৪ ওভারে ৫৭/২

উইকেটে থিতু হচ্ছিলেন উইল ইয়াং। তবে নাহিদ রানার অফ স্টাম্পের বাইরে শর্ট বলে কাট করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়েছেন ইয়াং। ফিরেছেন ১৯ রান করে। নতুন ব্যাটসম্যান টম ল্যাথাম।

নিউজিল্যান্ডের লক্ষ্য ২৬৬।

১০: ২১ , এপ্রিল ২৩

রয়েসয়ে এগোচ্ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড: ১০ ওভারে ৩৩/১

নিকোলসকে শুরুতে হারানোর পর নিক কেলি ও উইল ইয়াংয়ের ব্যাটে এগোচ্ছে নিউজিল্যান্ড। দুজনে মিলে এখন পর্যন্ত তুলেছেন ২৫ রান।

লক্ষ্য ২৬৬।

০৯: ৫৫ , এপ্রিল ২৩

দলে ফিরেই উইকেট পেলেন মোস্তাফিজ

নিউজিল্যান্ড: ৫ ওভারে ১০/১

চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দলে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই ওপেনার হেনরি নিকোলসকে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার।

নতুন বলে মোস্তাফিজের বাউন্সারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন নিকোলস।

০৯: ০৭ , এপ্রিল ২৩

নড়বড়ে শুরুর পর চ্যালেঞ্জিং সংগ্রহ

বাংলাদেশ: ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান।

বাংলাদেশের শুরুটা হয়েছিল নড়বড়ে। ৩২ রানে পড়েছিল ৩ উইকেট। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নাজমুল হোসেনের ১১৯ বলে ১০৫ এবং লিটন দাসের ৯১ বলে ৭৬ রানে ভর করে ২৬৫ রানের সংগ্রহ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়েন লিটন ও নাজমুল। এরপর ষষ্ঠ উইকেটে মিরাজ ও হৃদয় মিলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েন। ৪৭.৫ ওভার থেকে পরবর্তী ৬ বলের মধ্যে ১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

২৯ বলের ৩৩ রানে অপরাজিত ছিলেন হৃদয়। শেষ ১০ ওভারে ৪ উইকেটে ৬১ রান তুলতে পেরেছে বাংলাদেশ। শেষ ৫ ওভারে ৩৪ রানে পড়েছে ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশের ইনিংস : ৫০ ওভারে ৮/২৬৫ (নাজমুল ১০৫, লিটন ৭৬, তাওহিদ ৩৩, মিরাজ ২২; ও’রুর্ক ৩/৩২, লেনক্স ২/৫০, লিস্টার ২/৬২)।
০৮: ২৪ , এপ্রিল ২৩

হাত খুলতে গিয়ে ফিরলেন নাজমুল

বাংলাদেশ: ৪৫ ওভারে ৫ উইকেটে ২৩১ রান।

সেঞ্চুরি করেই একটু চালিয়ে খেলার ইচ্ছে হলো নাজমুলের। ৪৩তম ওভারে লেনক্সের শেষ বলে ছক্কা মারতে গিয়ে স্ট্রেটে ক্যাচ দিয়ে আউট হলেন।

২ ছক্কা ও ৯ চারে ১১৯ বলে ১০৫ রানে ফিরলেন নাজমুল।

নতুন ব্যাটসম্যান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হৃদয় অন্য প্রান্তে ১৬ রানে অপরাজিত।

০৮: ১৮ , এপ্রিল ২৩

নাজমুলের সেঞ্চুরি

বাংলাদেশ: ৪২ ওভারে ৪ উইকেটে ২১৬ রান।

লেনক্সের করা ৪১ তম ওভারের শেষ বলে লং অনে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল। ২০ ইনিংস পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পেলেন। আজকের আগে ওয়ানডেতে নাজমুলের সর্বশেষ সেঞ্চুরি এই চট্টগ্রামেই ২০২৪ সালের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে।

২ ছক্কা ও ৯ চারে ১১৪ বলে সেঞ্চুরি পেলেন নাজমুল।

ওয়ানডেতে নাজমুলের চার সেঞ্চুরির মধ্যে প্রথম দুটি বিদেশের মাটিতে। পরের দুটি দেশের মাটিতে।

হৃদয় ১৪ ও নাজমুল ১০২ রানে অপরাজিত।

সেঞ্চুরির পর নাজমুল
শামসুল হক
০৮: ০৬ , এপ্রিল ২৩

লেনক্সে বোল্ড লিটন

বাংলাদেশ: ৩৯ ওভারে ৪ উইকেটে ১৯৮ রান।

৩৮ তম ওভারে কিউই পেসার ও’রুর্কিকে দুটি দারুণ শটে চার ও ছক্কা মারেন লিটন। তখন মনে হচ্ছিল, সেঞ্চুরি পেলেও পেতে পারেন। কিন্তু পরের ওভারে বাঁহাতি স্পিনার জেডেন লেনক্সের প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন। একটু জোর করেই কাভারে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলায় ব্যাটে পাননি।

১ ছক্কা ও ৩ চারে ৯১ বলে ৭৬ রান করলেন লিটন। এর মধ্য দিয়ে চতুর্থ উইকেটে লিটন ও নাজমুলের ১৬০ রানের জুটিও ভাঙল।

ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। নাজমুল অন্য প্রান্তে ৯৩ রানে অপরাজিত।

আউট হয়ে ফিরছেন লিটন
শামসুল হক
০৭: ৩৭ , এপ্রিল ২৩

লিটনের ফিফটি

বাংলাদেশ: ৩৩ ওভারে ৩ উইকেটে ১৫৭ রান।

ওয়ানডেতে ১৯ ইনিংস পর ফিফটি পেলেন লিটন। আজকের আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে।

স্পিনার ফক্সক্রফটের করা ৩৩ তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ওয়ানডেতে নিজের ১৩ তম ফিফটি তুলে নেন লিটন। ২টি চারে ৭১ বলে ফিফটি পেলেন।

নাজমুল ৮১ ও লিটন ৫২ রানে অপরাজিত। দুজনেরই সেঞ্চুরির সুযোগ আছে। চতুর্থ উইকেটে দুজনে ১২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

ফিফটি তুলে নেওয়ার পথে ভালো ব্যাট করেন লিটন
শামসুল হক
০৭: ২১ , এপ্রিল ২৩

লিটন–নাজমুলের ১০০

বাংলাদেশ: ৩০ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান।

বিপর্যয় কাটিয়ে বেশ ভালো ব্যাট করছেন লিটন ও নাজমুল। চতুর্থ উইকেটে ১২৯ বলে ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। এই জুটিতে লিটনের অবদান ৪৫, নাজমুলের ৫৬।

নাজমুল ৬৬ ও লিটন ৪৫ রানে অপরাজিত।

লিটন–নাজমুলের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ
০৭: ০৫ , এপ্রিল ২৩

নাজমুল কি রানে ফিরলেন

বাংলাদেশ: ২৬ ওভারে ৩ উইকেটে ১০৭ রান।

দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে অপরাজিত থাকার পর ক্রাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন নাজমুল। সেটি ছিল এই সংস্করণে ১৩ ইনিংস পর তাঁর প্রথম ফিফটি। আজও ফিফটির দেখা পেলেন নাজমুল। ২৬তম ওভারের তৃতীয় বলে ফিফটি তুলে নেন, খেললেন ৭০ বল। ওয়ানডেতে এটা তাঁর ১২ তম ফিফটি।

নাজমুল ৫১ ও লিটন ৩২রানে অপরাজিত। চতুর্থ উইকেটে দুজনে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

ফিফটির পর নাজমুল
শামসুল হক
০৬: ৪০ , এপ্রিল ২৩

জুটি গড়ছেন লিটন–নাজমুল

বাংলাদেশ: ২০ ওভারে ৩ উইকেটে ৮৪ রান।

চতুর্থ উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন ও নাজমুল। এই জুটিতে লিটনের অবদান ২৩, নাজমুলের ২৭। তবে আরও বহুদূর যেতে হবে তাঁদের।

নাজমুল ৩৭ ও লিটন ২৩ রানে অপরাজিত।

০৬: ১২ , এপ্রিল ২৩

৮১ বলে ৫০ বাংলাদেশের

বাংলাদেশ: ১৪ ওভারে ৩ উইকেটে ৫৭।

প্রথম ওয়ানডেতে ২৪৭ রান তাড়ায় ৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও পরে ব্যাট করে ৭ ওভারে ২ উইকেটে ৫০ রান তোলে স্বাগতিকরা। দুটি ম্যাচই হয়েছিল ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু আজ চট্টগ্রামে তৃতীয় ম্যাচে ১৩.৩ ওভারে দলীয় ৫০ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে ৩ উইকেট।

ইনিংসে এখন পর্যন্ত ছক্কা ১টি, চার ৫টি। অর্থাৎ এই ৫০ রানের মধ্যে ২৬ রানই এসেছে বাউন্ডারি থেকে। ‘এক্সট্রা’ থেকে এসেছে আরও ৪ চার। বাকি ২০ রান দৌড়ে নিয়েছেন ব্যাটসম্যানরা।

ইনিংসে এ পর্যন্ত একমাত্র ছক্কাটি ১৪ তম ওভারে মারেন নাজমুল, ফাইন লেগ দিয়ে।

নাজমুল ২৩ ও লিটন ১১ রানে অপরাজিত।

১৪ তম ওভারে ছক্কা মারেন নাজমুল
শামসুল হক
০৫: ৪৬ , এপ্রিল ২৩

আবারও প্লেড অন, এবার বোল্ড সৌম্য

বাংলাদেশ: ৯ ওভারে ৩ উইকেটে ৩২।

দুটি দারুণ চার ও ভালো ব্যাটিংয়ের বড় ইনিংসের সম্ভাবনা তৈরি করেছিলেন সৌম্য। কিন্তু তানজিদের মতোই প্লেড অন হয়ে ফিরলেন। ৯ম ওভারে ও’রুর্কের তৃতীয় বলটি একটু উঠেছিল। ব্যাটটি একটু ক্রস করে নিচে খেলতে গিয়ে বল স্টাম্পে টেনে নেন সৌম্য। বোল্ড! ২৬ বলে ১৮ রানে ফিরলেন।

পাঁচে নেমেছেন লিটন দাস। নাজমুল অন্য প্রান্তে ১০ রানে অপরাজিত।

ও’রুর্ক তাঁর ৫ ওভারে ১৬ রানে ৩ উইকেট নিলেন।

বোল্ড হন সৌম্য
শামসুল হক
০৫: ২৯ , এপ্রিল ২৩

বাড়ছে না রানের গতি

বাংলাদেশ: ৫ ওভারে ২ উইকেটে ১৩ রান।

নিউজিল্যান্ডের দুই পেসার ও’রুর্ক ও নাথান স্মিথ মিলে প্রথম ৫ ওভারে দারুণ বোলিং করলেন। ও’রুর্ক ৩ ওভারে ৮ রানে ১ মেডেনসহ ২ উইকেট নিয়েছেন। স্মিথ ২ ওভারে দিয়েছেন ৫ রান।

নাজমুল ৭ বলে শূন্য ও সৌম্য ১০ বলে ৭ রানে অপরাজিত।

০৫: ১৭ , এপ্রিল ২৩

দূর্ভাগ্য তানজিদের, বোল্ড

বাংলাদেশ: ৩ ওভারে ২ উইকেটে ৯ রান।

তৃতীয় ওভারে ও’রুর্কের প্রথম বলটি অফ স্টাম্পের একটু বাইরে খাটো লেংথের ছিল। তানজিদ একটু ওপরে উঠে খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। বল ব্যাটে লেগে স্টাম্প ভেঙে দেয়। বোল্ড। ওভারটি উইকেট মেডেন নিয়েছেন ও’রুর্ক।

৫ বলে ১রানে ফিরলেন তানজিদ। চারে নেমেছেন নাজমুল হোসেন।

১৪ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

বোল্ড হওয়ার পর তানজিদ
শামসুল হক
০৫: ০৭ , এপ্রিল ২৩

শূন্য রানে আউট সাইফ

বাংলাদেশ: ১ ওভারে ১ উইকেটে ৫ রান।

বাংলাদেশের ইনিংসে দ্বিতীয় বলেই উইকেটকিপার টম ল্যাথামকে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার সাইফ হাসান। ২ বল খেলে শূন্য রানে আউট হন।

৫৭, ৮ ও ০—সিরিজে তিন ম্যাচে সাইফের স্কোর।

তিনে নেমেছেন সৌম্য সরকার। কিউই পেসার উইলিয়াম ও’রুর্কের পঞ্চম বলে দারুণ কাভার ড্রাইভে চার মারেন সৌম্য।

আউট হয়ে ফিরছেন সাইফ
শামসুল হক
০৪: ৪০ , এপ্রিল ২৩

নিউজিল্যান্ড একাদশ

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।
০৪: ৩৮ , এপ্রিল ২৩

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন আজকের ম্যাচে নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলামও।

বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা
শামসুল হক
০৪: ৩৮ , এপ্রিল ২৩

রোদ ও গরমের খেলা

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করেছেন বেশ আগেই। চট্টগ্রামের আকাশ রোদ ঝলমলে ও পরিস্কার। গরমও আছে অনেক। গ্যালারি প্রায় দর্শকশূন্যই। ছড়িয়ে ছিটিয়ে পুরো গ্যালারিতে শ তিনেক দর্শকও নেই। তবে বেলা গড়ালে হয়তো বাড়তে পারে দর্শকের সংখ্যা।

ওয়ার্ম আপের সময় তাওহিদ হৃদয়
শামসুল হক
০৪: ৩১ , এপ্রিল ২৩

টস

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে জিতেছে নিউজিল্যান্ড। অর্থাৎ টস জয়ের ‘হ্যাটট্রিক’ করে ফেলল সফরকারি দল। আগের দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড।

০৪: ২৭ , এপ্রিল ২৩

স্বাগতম

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিরিজে আপাতত ১–১ ব্যবধানে সমতায় দুই দল। ঢাকায় প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৬ উইকেটে।

অর্থাৎ, আজকের ম্যাচটি দুই দলের জন্যই সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশ দল সুযোগটি কাজে লাগাতে তাকিয়ে পেসারদের দিকে। কেন? ক্লিক করুন নিচের লিংকে।

সিরিজ জয়ের ম্যাচেও পেসারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের এক ক্রিকেটারের পছন্দের তালিকায় আছেন বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার। তিনি কে? জানতে ক্লিক করুন এই লিংকে—গলফ কোর্সের ঘাস কাটতে কাটতে ক্রিকেটে লেনক্স

তৃতীয় ওয়ানডে শুরুর আগে মাঠে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ
শামসুল হক