- বাংলাদেশের ১০৪ রানের জয়
- আবার নাহিদ রানা
- হাসান আলীও আউট
- এবার আউট রিজওয়ানও
- ৬ উইকেট নেই পাকিস্তানের
- কী হবে মিরপুর টেস্টে
- রিজওয়ান+শাকিল
- দ্বিতীয় টেস্ট সিলেটেই হচ্ছে
- ৬ বলের মধ্যে ২ উইকেট নিল বাংলাদেশ
- ফজল ফেরায় বাংলাদেশের স্বস্তি
- শেষ হলো দ্বিতীয় সেশন, কী হবে শেষ সেশনে?
- সিলেট টেস্ট চলে আসতে পারে ঢাকায়
- এগোচ্ছে সালমান–ফজলের জুটি
- নাহিদের শিকার শান মাসুদ
- আজানকে ফেরালেন মিরাজ
- পাকিস্তানের প্রয়োজন ২২৯ রান, বাংলাদেশের ৯ উইকেট
- শেষ হলো প্রথম সেশনের খেলা
- ইমামকে ফিরিয়ে তাসকিনের দুর্দান্ত শুরু
- বাংলাদেশের ইনিংস ঘোষণা
- ফিরলেন তাসকিন
- চার বলে নেই ২ উইকেট !
- মিরাজও ফিরলেন
- দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সুযোগ হারালেন নাজমুল
- ২৪০ রানের লিড বাংলাদেশের
- লিটনকে ফেরালেন আফ্রিদি
- মুশফিক আউট
- বাঁক পাচ্ছেন নোমান
- পঞ্চম দিনের খেলা শুরুর আগে আকাশ
- চতুর্থ দিনের খেলা শেষে...
- বাংলাদেশের লিড এখন ১৭৯
- মুমিনুল ছাড়া আর কে?
- নাজমুলের ফিফটির পর আউট মুমিনুল
- মুমিনুলের টানা পাঁচ ফিফটি ও জুটিতে সেঞ্চুরি
- ৩.৪৫ মিনিটে খেলা শুরু
- খেলা শুরু হওয়ার সম্ভাবনা
- বৃষ্টি শেষে রোদ
- বৃষ্টিতে খেলা!
- বৃষ্টি!
- খেলা বন্ধ
- নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না
- বাংলাদেশ এগিয়ে ১২০ রানে
- কত রান নিরাপদ হতে পারে বাংলাদেশের জন্য?
- লিড পঞ্চাশ পার
- টিকলেন না সাদমানও
- মাহমুদুলকে হারাল বাংলাদেশ
- স্বাগত চতুর্থ দিনের খেলায়
- তৃতীয় দিন শেষে...
- মিরাজের ৫ উইকেট
- মিরাজের বলে ফিরলেন নোমান
- সালমান ফিরলেন
- খেলা শুরু সোয়া চারটায়
- পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা
- আপডেট!
- বৃষ্টিতে খেলা বন্ধ
- এবার বৃষ্টি...
- ফিরলেন রিজওয়ান
- এরপর রিজওয়ান...
- রিজওয়ান + সালমান
- রিজওয়ানদের স্বস্তির এক ঘণ্টা
- পাকিস্তানের তিন শ
- তাসকিন–মিরাজে বাংলাদেশের সেশন
- এবার রিভিউ নষ্ট
- ‘নো’ বলে উইকেট নষ্ট তাসকিনের
- মিরাজের তৃতীয় শিকার
- মিরাজের এলবিডব্লিউর ফাঁদে শাকিল
- তাসকিনের শিকার এবার শান মাসুদ
- ফজলের ফিফটি
- আওয়াইসকে ফেরালেন তাসকিন
- অভিষেক ইনিংসেই সেঞ্চুরি আওয়াইসের
- স্বাগত তৃতীয় দিনের খেলায়
- দ্বিতীয় দিন শেষে...
- পাকিস্তানের দেড় শ
- উইকেটের দেখা পেল বাংলাদেশ
- পাকিস্তানের এক শ, আওয়াইসের ফিফটি
- জমে গেছেন ইমাম–আজান
- চা বিরতিতে দুই দল
- নাহিদের বাউন্সারে বিপদে আজান
- দেখেশুনে এগোচ্ছে পাকিস্তান
- ১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট বাংলাদেশ
- ছক্কায় চার শ পার
- ইবাদতও আউট, চার শ নিয়ে সংশয়
- নাহ, মুশফিক পারলেন না!
- শেষ হলো প্রথম সেশন
- আব্বাসের চতুর্থ উইকেট
- জন্মদিনে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন কারা
- মিরাজ দাঁড়াতে পারলেন না
- ক্যাচ শেখালেন লিটন
- বেঁচে গেলেন লিটন
- মুশফিক–লিটনের ‘ফিফটি’
- মুশফিকের ফিফটি
- মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন
- শুভ জন্মদিন মুশফিকুর রহিম
- প্রথম দিনের খেলা শেষে
- বাংলাদেশের তিন শ
- নোমান আলী টু মুমিনুল, আউট!
- জুটি বড় হচ্ছে মুশফিক–মুমিনুলের
- দ্বিতীয় সেশনও বাংলাদেশের
- সেঞ্চুরি করেই আউট নাজমুল
- মুমিনুলের ফিফটি
- নাজমুল–মুমিনুলের ‘সেঞ্চুরি’
- নাজমুলের ফিফটি
- মধ্যাহৃভোজের বিরতি
- বড় জুটি গড়ার চেষ্টা...
- এসেই উইকেট নিলেন হাসান আলী
- রেকর্ড
- আউট !
- ‘জীবন’ পেলেন মাহমুদুল
- দেখেশুনে ব্যাট করছেন সাদমান–মাহমুদুল
- দুটি চার হজমে শুরু আফ্রিদির
- টসনামা ও কত রান নিরাপদ?
- পাকিস্তান একাদশ
- বাংলাদেশ একাদশ
- টস
- উইকেট কেমন
- স্বাগতম
বাংলাদেশের ১০৪ রানের জয়
পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট জয়। দেশের মাটিতে প্রথম। সে হিসাবে পাকিস্তানের বিপক্ষে এই জয়টাকে ঐতিহাসিকই বলতে হবে।
মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ দল। টেস্ট জিততে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে করতে হতো ২৬৮ রান। পাকিস্তান গুটিয়ে গেছে ১৬৩ রানে।
দ্বিতীয় ইনিংসে ম্যাজিকাল বোলিং করেছনে নাহিদ রানা। ৪০ রানে নিয়েছেন ৫ উইকেট, যা তাঁর ক্যারিয়ার সেরা। টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে অন্যরাও তাদের কাজটা করেছেন। তাইজুল ও তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। মিরাজ নিয়েছেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪১৩ ও ২৪০/৯ (নাজমুল ৮৭, মুমিনুল ৫৬, মিরাজ ২৪, মুশফিক ২২, তাসকিন ১১; হাসান ৩/৫২, নোমান ৩/৭৬, শাহিন ২/৫৪)।
পাকিস্তান: ৩৮৬ ও ১৬৩ (ফজল ৬৬, সালমান ২৬; নাহিদ রানা ৫/৪০, তাইজুল ২/২২)
ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী
আবার নাহিদ রানা
নাহিদ রানার চতুর্থ উইকেট! এবার তাঁর শিকার নোমান আলী। জয় থেকে মাত্র ১ উইকেট দূরে বাংলাদেশ। পাকিস্তানের দরকার ১১০ রান।
হাসান আলীও আউট
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪৮.২ ওভারে ১৫৮/৮
তাইজুল ইসলামের আর্ম বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে ফিরলেন হাসান আলী। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। এখনো দরকার ১১০ রান।
বাংলাদেশের দরকার ২ উইকেট।
এবার আউট রিজওয়ানও
রিজওয়ান বোল্ড!
নাহিদ রানার ১৪৭ কিমি গতির ইন-সুইঙ্গারে লাইন মিস করে বোল্ড হলেন মোহাম্মদ রিজওয়ান। মিরপুরে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ম্যাচ জিততে পাকিস্তানের দরকার ১১৫ রান, বাংলাদেশের ৩ উইকেট।
৬ উইকেট নেই পাকিস্তানের
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১৫২/৬। এখনো দরকার ১১৬ রান।
নাহিদ রানা টু সৌদ শাকিল, আউট!
নাহিদের করা বলটি অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে বেরিয়ে যাচ্ছিল, তাতে সৌদ শাকিল ড্রাইভ খেলতে চেয়েছিলেন। ব্যাটের কোণায় লেগে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে।
কী হবে মিরপুর টেস্টে
ওভার বাকি ৩৩। পাকিস্তানের জিততে দরকার ১১৯ রান। বাংলাদেশের ৫ উইকেট।
উইকেটে রিজওয়ান ও শাকিল। দুজনেই স্পিনটা ভালো খেলেন। গড়েছেন অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি।
রিজওয়ান+শাকিল
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৪০ ওভারে ১৪৫/৫
২৪ রানের জুটি গড়েছেন রিজওয়ান ও শাকিল। পাকিস্তানের জিততে দরকার ১২৩ রান, বাংলাদেশের ৫ উইকেট।
দ্বিতীয় টেস্ট সিলেটেই হচ্ছে
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু সিলেটই থাকছে। সিলেটে টানা বৃষ্টির শঙ্কা থাকায় এই টেস্টের ভেন্যু পাল্টানোর আলোচনা উঠেছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আর পাল্টায়নি বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বোর্ড নিশ্চিত করেছে যে, দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই (এসআইসিএস) বহাল থাকছে।’
দ্বিতীয় টেস্টের দলও ঘোষণা করেছে বিসিবি। নিচের লিংকে ক্লিক করে জেনে নিন।
৬ বলের মধ্যে ২ উইকেট নিল বাংলাদেশ
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৩৩ ওভারে ১২১/৫। জয়ের জন্য ১৪৭ রান চাই পাকিস্তানের, বাংলাদেশের দরকার ৫ উইকেট।
৩৩ তম ওভারের চতুর্থ বলে তাসকিনের বলে সাদমানকে ক্যাচ দিয়েছেন সালমান। ২৬ রানে আউট হলেন তিনি। ৬ বলের মধ্যে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ। এর আগে ৩২.৫ ওভারে আউট হন ফজল।
সালমানকে আউট করার পরের বলেই নতুন ব্যাটসম্যান রিজওয়ানের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিলেন তাসকিন। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান রিজওয়ান।
ফজল ফেরায় বাংলাদেশের স্বস্তি
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৩১ ওভারে ১১৯/৪। জয়ের জন্য ১৪৯ রান চাই পাকিস্তানের, বাংলাদেশের দরকার ৬ উইকেট।
১১৩ বলে ৬৬ রানে এক প্রান্ত আগলে রেখেছিলেন আব্দুল্লাহ ফজল। শেষ পর্যন্ত তাঁকে ফেরাতে পারলেন তাইজুল। ৩৩ তম ওভারে তাঁর পঞ্চম বলে এলবিডব্লু হন পাকিস্তানের এই বাঁহাতি। রিভিউ নিয়ে ফজলকে আউট করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে চতুর্থ উইকেটে সালমান–ফজলের ৫১ রানের জুটিও ভাঙল।
ক্রিজে নতুন ব্যাটসম্যান সৌদ শাকিল। সালমান অন্য প্রান্তে ২৪ রানে অপরাজিত।
শেষ হলো দ্বিতীয় সেশন, কী হবে শেষ সেশনে?
দ্বিতীয় সেশনের খেলা শেষে পাকিস্তানের স্কোর ৩১ ওভারে ১১৬/৩। জয় পেতে আরও ১৫২ রান চাই পাকিস্তানের। বাংলাদেশের দরকার ৭ উইকেট। শেষ সেশনে তিনটি ফলেরই সম্ভাবনা আছে—জয়, হার ও ড্র।
দ্বিতীয় সেশনে ২৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১১০ রান তুলেছে পাকিস্তান। আজান আওয়াইস ও শান মাসুদকে হারায় তারা। আব্দুল্লাহ ফজল ৬৬ ও সালমান আগা ২১ রানে ব্যাট করছেন। চতুর্থ উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছেন দুই ব্যাটসম্যান।
টেস্ট অভিষেকে দুই ইনিংসেই ফিফটি পেলেন ফজল। ব্যক্তিগত ১১ রানে রানআউট হওয়া থেকে বেঁচে যান সালমান।
সিলেট টেস্ট চলে আসতে পারে ঢাকায়
শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ জানিয়েছেন, সিলেটে টানা বৃষ্টির সম্ভাবনা থাকায় চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হতে পারে। অর্থাৎ, সিলেট থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু পাল্টে এই ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হতে পারে।
সিলেটে বৃষ্টির শঙ্কা সন্ধ্যায় বেশি। তবে সিলেটের ড্রেনেজ সিস্টেম যেহেতু মিরপুরের মতো নয়, সে জন্য রাতে বৃষ্টি হলেও দিনে খেলা নিয়ে শঙ্কা থাকে। সে জন্যই এমন চিন্তাভাবনা। এ নিয়ে বিসিবি ও সম্প্রচারকদের মধ্যে আলোচনা চলছে।
তবে অল্প সময়ের মধ্যে দ্বিতীয় টেস্টের জন্য মিরপুরে পিচ তৈরি করা যাবে কি না, তা নিয়েও ভাবতে হচ্ছে। সব কিছু বিবেচনায় নিয়ে ভেন্যু পরিবর্তন হলে আজকের মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ১৬ মে থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা।
এগোচ্ছে সালমান–ফজলের জুটি
পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ২৮ ওভারে ১০৯/৩। জয়ের জন্য ১৫৯ রান চাই পাকিস্তানের, বাংলাদেশের দরকার ৭ উইকেট।
চতুর্থ উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এগোচ্ছেন সালমান ও ফজল। ফজল ৬৩ ও সালমান ১৭ রানে অপরাজিত।
উইকেটে বাঁক পাচ্ছেন মিরাজ ও তাইজুল। কিন্তু জুটি ভাঙতে পারছেন না।
নাহিদের শিকার শান মাসুদ
পাকিস্তান: ১৬ ওভারে ৭২/৩। জয়ের জন্য পাকিস্তানের চাই ১৯৬ রান, বাংলাদেশের ৭ উইকেট।
দ্বিতীয় সেশনে বোলিংয়ে ফিরে নিজের প্রথম দুই ওভারে উইকেট পাননি নাহিদ। তৃতীয় ওভারে (ইনিংসে ১৬ তম) তাঁর দ্বিতীয় বলটি পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ব্যাটের কানা নিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ২ রানে আউট হলেন মাসুদ।
২০ বলের মধ্যে আজান ও মাসুদকে হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান।
ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আগা। ফজল অন্য প্রান্তে ৪২ রানে অপরাজিত।
আজানকে ফেরালেন মিরাজ
পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ১৩ ওভারে ৬২/২। জয়ের জন্য ২০৬ রান চাই পাকিস্তানের।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা পাকিস্তানি ওপেনার আজান আওয়াইসকে আউট করলেন মেহেদী হাসান মিরাজ।
১৩ তম ওভারে তাঁর প্রথম বলে বোল্ড হন ১৫ রান করা আজান। ক্রিজে নতুন ব্যাটসম্যান শান মাসুদ। ৫৪ রানের জুটি গড়েছিলেন আজান ও ফজল।
এই ওভারে মিরাজের পঞ্চম বলটি ফজলকে ফাঁকি দিয়ে স্টাম্পের বেলস ছুঁয়ে চলে যায়! বেঁচে গেছেন ২৪ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি।
পাকিস্তানের প্রয়োজন ২২৯ রান, বাংলাদেশের ৯ উইকেট
পাকিস্তান: ১০ ওভারে ৩৯/১।
শুরুতে ইমাম–উল–হককে হারালেও পথ হারায়নি পাকিস্তান। আজান আওয়াইস (১৮) ও আব্দুল্লাহ ফজল (১৩) জুটিতে লড়ছে দলটি।
শেষ হলো প্রথম সেশনের খেলা
আজ শেষ দিনে সকালের সেশনে ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এতে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে নেমে ৪ ওভার ব্যাট করতে পেরেছে পাকিস্তান। ৬ রান তুলতে ১ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে গেছে তারা।
ইনিংস ঘোষণা করে লাঞ্চের ২০ মিনিট আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল। তার ফল হিসেবে তাসকিন আহমেদের বলে প্রথম ওভারেই ইমাম–উল–হকের উইকেট পেয়েছে বাংলাদেশ। এতে একটু চাপে রয়েছে পাকিস্তান। ক্রিজে আছেন আজান আওয়াইস (৩) ও আব্দুল্লাহ ফজল (১)।
ইমামকে ফিরিয়ে তাসকিনের দুর্দান্ত শুরু
পাকিস্তান: ১ ওভারে ৩/১।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারের শেষ বলে উইকেট পেলেন তাসকিন। ওপেনার ইমাম–উল–হককে (২) উইকেটকিপার লিটন দাসের ক্যাচে পরিণত করেন এ পেসার।
ক্রিজে নতুন ব্যাটসম্যান আব্দুল্লাহ ফজল। অন্য প্রান্তে ১ রানে অপরাজিত আজান আওয়াইস।
বাংলাদেশের ইনিংস ঘোষণা
নাহ, অলআউট হতে চায়নি বাংলাদেশ। তাসকিন আউট হওয়ার পরই ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে নাজমুলের দল। দুই ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ মিরপুর টেস্ট জিততে দুই সেশনের একটি বেশি সময় ব্যাট করে পাকিস্তানকে ২৬৮ রান করতে হবে। আলোকস্বল্পতা কিংবা বৃষ্টি হানা না দিলে দিনের বাকি সময়ে ৭৫ ওভারের খেলা হতে পারে।
মিরপুরে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জেতে ইংল্যান্ড।
৫০.৩ ওভারে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলেন নাজমুল ও মুশফিক। আজ শেষ দিনে সকালের সেশনে ৮৮ রানে হারিয়েছে ৬ উইকেট। ইনিংস ঘোষণার আগে আজ ২১ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। সব মিলিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে ৭০.৩ ওভার।
সকালের সেশনে একটু থিতু হওয়ার পর তাড়াহুড়ো করে রান তোলার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। ৮৭ রানে আউট হন নাজমুল। মিরাজ ২৪ ও মুশফিক ২২ রান করেন। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪১৩ ও ২৪০/৯ (নাজমুল ৮৭, মুমিনুল ৫৬, মিরাজ ২৪, মুশফিক ২২, তাসকিন ১১; হাসান ৩/৫২, নোমান ৩/৭৬, শাহিন ২/৫৪)।
পাকিস্তান: ৩৮৬।
ফিরলেন তাসকিন
৭১ তম ওভারে হাসান আলীর তৃতীয় বলে ক্যাচ দিয়ে আউট হলেন তাসকিন (১১)। ৯ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় বাংলাদেশ।
চার বলে নেই ২ উইকেট !
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭০ ওভারে ২৩৫/৮। ২৬২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
এবার নোমানের শিকার তাইজুল।
৭০ তম ওভারেই চতুর্থ বলে তাইজুলকে (৩) বোল্ড করেন নোমান। এই ওভারে তাঁর প্রথম বলে আউট হন মিরাজ।
ক্রিজে আছেন তাসকিন (৭) ও ইবাদত (৩)।
মিরাজও ফিরলেন
৭০ তম ওভারে নোমান আলীর প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন মিরাজ। ২৭ বলে ২৪ রান করেছেন।
২৫২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সুযোগ হারালেন নাজমুল
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬৮ ওভারে ২১৯/৬
৬৮ তম ওভারে নোমান আলীর প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে টাইমিং মিস করেন নাজমুল। বল সোজা গিয়ে আঘাত হানে তাঁর প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলেও রিভিউ নেন নাজমুল। যদিও সিদ্ধান্ত বদলাননি টিভি আম্পায়ার। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১৫০ বলে ৮৭ রানে আউট হলেন নাজমুল।
আজ সেঞ্চুরি পেলে দারুণ এক বিশ্ব রেকর্ডে ভাগ বসাতে পারতেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে দুবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল। তিনবার করে এই কীর্তি গড়েছেন শুধু সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার।
ক্রিজে নতুন ব্যাটসম্যান তাইজুল ইসলাম।
২৪০ রানের লিড বাংলাদেশের
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬৫.২ ওভারে ২১৩/৫
নাজমুল–মিরাজ জুটিতে বাংলাদেশের লিড এখন ২৩৪ রানের। নাজমুল ৮৫ রানে এবং মিরাজ ১৭ রানে অপরাজিত আছেন।
লিটনকে ফেরালেন আফ্রিদি
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৬০.২ ওভারে ১৯০/৫। ২১৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন দাসও। শাহীন শাহ আফ্রিদির বাউন্সারে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আউট হওয়ার আগে লিটন করেছেন ১১ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
মুশফিক আউট
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫৩ ওভারে ১৬৫/৪। ১৯২ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
দিনের খেলার তৃতীয় ওভারে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে আউট মুশফিক। শটটি এখন দেখার দরকার ছিল না।
হাসান আলীর বলে ৫৩ তম ওভারে দ্বিতীয় বলে শান মাসুদকে ক্যাচ দিয়ে ফিরলেন ২২ রান করা মুশফিক।
ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।
বাঁক পাচ্ছেন নোমান
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫২ ওভারে ১৬১/৩। ১৮৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
সকালের সেশনে নিজের প্রথম ওভারেই বেশ ভালো বাঁক পেলেন বাঁহাতি স্পিনার নোমান আলী। মুশফিক ও নাজমুল তাঁকে ভালোভাবেই সামলেছেন।
নাজমুল ৬১ ও মুশফিক ২২ রানে অপরাজিত।
পঞ্চম দিনের খেলা শুরুর আগে আকাশ
চতুর্থ দিনের খেলা শেষে...
আলোক–স্বল্পতায় আজও খেলা শেষ হলো আগে। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড ১৭৯ রানের।
নাজমুল ৫৮ ও মুশফিক ১৬ রান নিয়ে কাল দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪১৩ ও ৫০.৩ ওভারে ১৫২/৩ (নাজমুল ৫৮*, মুমিনুল ৫৬; হাসান ১/২৩, আব্বাস ১/৩৫)
পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬
বাংলাদেশের লিড এখন ১৭৯
বাংলাদেশ: ৫০ ওভারে ১৫২/৩ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
এবার মুশফিককে নিয়ে জুটি গড়েছেন নাজমুল। বাংলাদেশ দলের অধিনায়ক ৫৮ রানে ব্যাটিং করছেন, মুশফিক ১৬ রানে।
মুমিনুল ছাড়া আর কে?
নাজমুলের ফিফটির পর আউট মুমিনুল
বাংলাদেশ: ৪৩ ওভারে ১২৮/৩ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
আফ্রিদির করা ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ফিফটি করেছেন নাজমুল। টেস্টে এটি তাঁর ষষ্ঠ ফিফটি।
এই ওভারের পঞ্চম বলে আউট হয়েছেন মুমিনুল। ৫৬ রান করেছেন তিনি।
মুমিনুলের ৫০০০
মুমিনুলের টানা পাঁচ ফিফটি ও জুটিতে সেঞ্চুরি
বাংলাদেশ: ৪০ ওভারে ১২৩/২ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
৮২, ৬৩, ৮৭, ৯১, ৫০*
মুমিনুলের দারুণ সময় চলছেই। টেস্টে পেলেন টানা পাঁচ ফিফটি। এবার কি সেঞ্চুরি পাবেন?
ফিফটি করার পথে অবশ্য নতুন একটি মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে ৫ হাজার রানের ক্লাবে ঢুকেছেন মুমিনুল।
তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল নাজমুলকে সঙ্গে নিয়ে গড়েছেন শতরানের জুটি। প্রথম ইনিংসে এই দুজন জুটিতে তুলেছিলেন ১৭০ রান।
১০০ ছাড়াল বাংলাদেশের রান
বাংলাদেশ: ৩৪ ওভারে ১০৪/২ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
বাংলাদেশের লিড এখন ১৩১ রানের। উইকেটে আছেন নাজমুল ও মুমিনুল। মুমিনুল ৪২, নাজমুল ৪৩ রানে ব্যাটিং করছেন। আবার খেলা শুরুর পরও দুজনেই খেলছেন সাবলীলভাবে।
৩.৪৫ মিনিটে খেলা শুরু
আজ খেলা হবে কমপক্ষে ৫.৪৫ মিনিট পর্যন্ত। তবে আলো থাকলে ৬.১৫ মিনিট পর্যন্তও দিনের খেলা যেতে পারে।
টেস্টের চতুর্থ দিনে এখনো বাকি ৩৭ ওভার।
খেলা শুরু হওয়ার সম্ভাবনা
প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুল হাসান জানালেন, মাঠ থেকে কাভার পুরোপুরি সরে গেছে। ঝকঝকে রোদও আছে। মাঠ তৈরির কাজ চলছে পুরোদমে। সাড়ে তিনটায় মাঠ পর্যবেক্ষণে আসবেন দুই অন ফিল্ড আম্পায়ার৷ খেলা শুরু হতে পারে ৩টা ৪৫ মিনিটে।
বৃষ্টি শেষে রোদ
কাভার সরছে। রোদের তীব্রতাও বেড়েছে। একটু আগেই মাঠে পানি জমে ছিল। এখন তা নেই। সুপার সপারগুলোও তৈরি হচ্ছে।
বৃষ্টিতে খেলা!
বৃষ্টি!
খেলা বন্ধ
নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না
৪০ মিনিটের লাঞ্চ বিরতিতে শেষে খেলা শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। বৃষ্টি নেমেছে। জোরাল নয়, গুঁড়ি গুঁড়ি। তবে আকাশে মেঘের ঘনঘটায় প্রায় অন্ধকার নেমেছে স্টেডিয়ামে।। পিচ ঢেকে দেওয়া হয়েছে কাভারে।
বাংলাদেশ এগিয়ে ১২০ রানে
লাঞ্চ বিরতি ঘোষণা দিলেন দুই আম্পায়ার।
চতুর্থ দিনের প্রথম সেশনে সোয়া দুই ঘণ্টায় খেলা হয়েছে ১৯.১ ওভার, বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলেছে ৮৬ রান।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত করেছে ২ উইকেটে ৯৩। সব মিলিয়ে বাংলাদেশ ম্যাচে পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে আছে।
বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২৩ রানের মধ্যেই হারায় দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের উইকেট। মাহমুদুল ৫ রান করে আব্বাসের বলে এলবিডব্লিউ আর সাদমান ১০ রান করে হাসানের বলে ক্যাচ তুলে আউট হন।
দিনের প্রথম ঘণ্টার ওই ধাক্কা সামলে বাংলাদেশের লিড এক শর দিকে নিয়ে গেছেন নাজমুল ও মুমিনুল। প্রথম ইনিংসে ১৭০ রানের জুটি গড়া এ দুজন দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৭০ রান যোগ করে অবিচ্ছিন্ন। মুমিনুল ৮২ বলে ৩৭ আর নাজমুল ৫৭ বলে ৩৪ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২১ ওভারে ৯৩/২ (মুমিনুল ৩৭*, নাজমুল ৩৪*; হাসান ১/১২) ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
কত রান নিরাপদ হতে পারে বাংলাদেশের জন্য?
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রান পঞ্চাশ পেরিয়েছে। লিড এই মুহূর্তে ৮৪ রানের।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, পাকিস্তানকে কত রানের লক্ষ্য দিলে ‘নিরাপদ’ থাকবে বাংলাদেশ? মেহেদী হাসান মিরাজ গতকাল বলেছিলেন তিন শ রানের কথা।
পরিসংখ্যান বলছে, মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি কেউ তাড়া করতে পারেনি। ২০১০ সালে ওই রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এর বাইরে দেড় শর বেশি রান তাড়া হয়েছে একবারই— ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে ২০৫ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
সর্বশেষ তিনবার যথাক্রমে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৩৮, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ১৩৯ আর দক্ষিণ আফ্রিকা ১০৯ রান করে জিতেছিল।
বাংলাদেশ: ৫৭/২ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
লিড পঞ্চাশ পার
দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে লড়াইয়ের পুঁজি বড় হচ্ছে বাংলাদেশের। প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে থাকা বাংলাদেশ আজ চতুর্থ দিনের প্রথম ঘণ্টার মধ্যে লিড পঞ্চাশ পার করেছে।
এই মুহূর্তে ব্যাট করছেন মুমিনুল ও নাজমুল। প্রথম ইনিংসে দলের পক্ষে সবচেয়ে বড় দুটি ইনিংস খেলেছিলেন এ দুজনই (যথাক্রমে ৯১ ও ১০১)। ৩১ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর দুজনে তখন জুটি গড়েছিলেন ১৭০ রানের। এবার বাংলাদেশ দুই উইকেট হারিয়েছে ২৩ রানে।
বাংলাদেশ: ৩২/২ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
টিকলেন না সাদমানও
বাংলাদেশ: ২৩/২ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
মাহমুদুল হাসানের পর আরেক ওপেনার সাদমান ইসলামের উইকেটও হারাল বাংলাদেশ। আজকের দিনে প্রথমবারের মতো বোলিংয়ে আসা হাসান আলীর চতুর্থ বলেই ক্যাচ দিয়েছেন তিনি।
সামনে পা বাড়িয়ে খেলতে চেয়েছেন সাদমান, বল একটু বেশিই উঠেছে। ব্যাট হয়ে চলে যায় গালি–তে থাকা সৌদ শাকিলের হাতে (২২ বলে ১০ রান)। ২৩ রানে দুই উইকেট নেই বাংলাদেশের।
মুমিনুল হকের সঙ্গে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন।
মাহমুদুলকে হারাল বাংলাদেশ
বাংলাদেশ: ১৫/১ ও ৪১৩। পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬।
দিনের শুরুতেই ফিরলেন মাহমুদুল হাসান। আব্বাসের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৮ রানে আউট হওয়া মাহমুদুল এবার ফিরলেন ৫ রানে। ১৫ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
সাদমান ইসলামের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন মুমিনুল হক।
স্বাগত চতুর্থ দিনের খেলায়
বাংলাদেশ–পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলার লাইভ ব্লগে পাঠকদের স্বাগত।
বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছিল দ্বিতীয় ইনিংসে ৭/০ স্কোরে। দুই ইনিংস মিলিয়ে মিলিয়ে এগিয়ে ৩৪ রানে। চতুর্থ ইনিংসে পাকিস্তানের জন্য কত রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া যাবে, সেটিই দেখা যাবে আজ। গতকাল বৃষ্টির কারণে দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকায় আজ খেলা শুরু হবে ১৫ মিনিট আগে—৯.৪৫ মিনিটে।
তৃতীয় দিন শেষে...
বাংলাদেশ ২য় ইনিংস: ১.৫ ওভারে ৭/০ ( মাহমুদুল ২*; আফ্রিদি ০/২)।
শেষ বিকেলে বাংলাদেশের খুব বেশি ব্যাটিং করতে হলো না। আলোক–স্বল্পতায় ১.৫ ওভার পরই দিনের খেলা শেষের কথা জানালেন আম্পায়াররা। তৃতীয় দিনে আলো থাকলে ৬.১৫ পর্যন্ত খেলার কথা ছিল।
পাকিস্তান প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। প্রথম ইনিংসে ২৭ রানে লিড পাওয়া বাংলাদেশের লিড এখন ৩৪ রানের।
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
৩৭ রানে শেষ ৫ উইকেট হারাল পাকিস্তান। ৫ উইকেটে ৩৪৯ রান করা পাকিস্তান গুটিয়ে গেছে ৩৮৬ রানে।
মিরাজ নিয়েছেন ৫ উইকেট। এটি টেস্ট ক্যারিয়ারে তাঁর ১৪তম ফাইফার। পাকিস্তানের শেষ ব্যাটসম্যান হাসান আলীসহ তাইজুল পেয়েছেন ২ উইকেট। পেসার তাসকিন আহমেদও ২ উইকেট পেয়েছেন। নাহিদ রানা পেয়েছেন একটি উইকেট।
২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০) ও ১.৫ ওভারে ৭/০।
পাকিস্তান ১ম ইনিংস: ১০০.৩ ওভারে ৩৮৬ (আওয়াইস ১০৩, ফজল ৬০; মিরাজ ৫/১০২, তাইজুল ২/৬০)।
মিরাজের ৫ উইকেট
পাকিস্তান: ১০০ ওভারে ৩৮০/৯। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
সহজ ক্যাচ দিয়ে ফিরলেন শাহিন শাহ আফ্রিদি। ১৩ রান করে ফিরেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ১৪তমবার ৫ উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ।
মিরাজের বলে ফিরলেন নোমান
পাকিস্তান ১ম ইনিংস: ৯৮ ওভারে ৩৭৩/৮। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
স্লিপে নাজমুলের হাতে ধরা পড়লেন নোমান। মিরাজ পেলেন নিজের চতুর্থ উইকেট! মিরাজের অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথের বলে কাট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন নোমান।
সালমান ফিরলেন
পাকিস্তান ১ম ইনিংস: ৯৩ ওভারে ৩৬৬/৭। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
কাজের কাজটা করে দিলেন নাহিদ। শর্ট লেংথে বল ফেলে নিজের বিধ্বংসী গতিতে সালমানকে পরাস্ত করলেন। ৫৮ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন সালমান আগা।
পাকিস্তান এখনও ৪৭ রানে পিছিয়ে আছে।
খেলা শুরু সোয়া চারটায়
প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার শুরু হবে সোয়া চারটায়। চলবে সাড়ে পাঁচটা পর্যন্ত। আলো থাকলে খেলা হবে ৬.১৫ পর্যন্ত।
পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা
মাঠ শুকানোর কাজ প্রায় শেষদিকে। মাঠের যে কয়েকটি জায়গায় পানি জমেছে, সেখানে চলছে সুপার সপার। পিচের ওপর থাকা কাভারও সরে গেছে। মাঠে ঘুরে দেখছেন চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
৪টায় মাঠ পর্যবেক্ষণ করতে নামার কথা দুই অন–ফিল্ড আম্পায়ারের। এরপর জানা যাবে, কখন শুরু হবে খেলা।
আপডেট!
মিরপুরে এখন ঝকঝকে রোদ!
কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখনও। মাঠকর্মীদের ব্যস্ততাও শুরু হয়নি, কাভারে ঢাকা আছে পিচ। তবে তা দ্রুতই সরানো শুরু হতে পারে।
বৃষ্টিতে খেলা বন্ধ
আধা ঘণ্টা আগেই চা বিরতি ঘোষণা হয়েছিল। সময়ের হিসাবে ১৫ মিনিট পর শেষ হয়ে যাওয়ার কথা ছিল তা। কিন্তু জোরাল বৃষ্টির কারণে সেটি হচ্ছে না। কতক্ষণ লম্বা হবে এই বিরতি, তা বলারও এখন সুযোগ নেই। বৃষ্টি পড়ছে অঝোরে ...
এবার বৃষ্টি...
পাকিস্তান: ৮৯.৪ ওভারেই ৩৮৯/৬
মিরপুরে বৃষ্টি শুরু হয়েছে। তাই চা বিরতি ঘোষণা করা হয়েছে আগেই, ২টা ৪০ মিনিটে হওয়ার চা বিরতি হওয়ার কথা ছিল।
পিচ কাভারে ঢাকা হয়েছে। ফ্লাডলাইটও জ্বলছে অনেক্ষণ ধরে। বৃষ্টি যদিও ততটা জোরাল নয়।
ফিরলেন রিজওয়ান
৫৯ রান করে তাইজুলের বলে ক্যাচ দিয়ে আউট রিজওয়ান। তাইজুলের মিডল স্টাম্পে থাকা হাওয়ায় ভাসানো ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন রিজওয়ান।
এরপর রিজওয়ান...
পাকিস্তান ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩৪৬/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
সালমানের পর ফিফটি করেছেন রিজওয়ানও। সালমান ৫৪ ও রিজওয়ান ৫৭ রানে ব্যাটিং করছেন।
রিজওয়ান + সালমান
পাকিস্তান ১ম ইনিংস: ৮৬ ওভারে ৩৩১/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
ষষ্ঠ উইকেট জুটিতে শতরান তুলেছেন রিজওয়ান ও সালমান। সালমান পেয়েছেন ফিফটি। রিজওয়ান ফিফটির পথেই আছেন।
রিজওয়ানদের স্বস্তির এক ঘণ্টা
পাকিস্তান ১ম ইনিংস: ৮৩.৩ ওভারে ৩১৭/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
পানি পানের বিরতি চলছে।
দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি পাকিস্তান। ১২.২ ওভারে রানও উঠেছে পাঁচের বেশি হারে—৬৫। সালমান ৪৮ ও রিজওয়ান ৩৭ রানে ব্যাট করছেন।
পাকিস্তানের তিন শ
পাকিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ৩০৪/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
দ্বিতীয় সেশনের শুরুটা ভালোই করেছে পাকিস্তান। রিজওয়ান ও সালমানের জুটি পাকিস্তানের রান ২৫১ থেকে তিন শয় টেনে নিয়েছেন। বাংলাদেশ এই মুহূর্তে দুই স্পিনার তাইজুল ও মিরাজকে দিয়ে বোলিং করাচ্ছে।
সালমান ৪১, রিজওয়ান ৩২ রানে ব্যাট করছেন।
তাসকিন–মিরাজে বাংলাদেশের সেশন
পাকিস্তান ১ম ইনিংস: ৭১ ওভারে ২৫১/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ। দুই ঘণ্টার এই সেশনে খেলা হয়েছে ২৫ ওভার, পাকিস্তান ৭২ রান তুলতে গিয়ে হারিয়েছে ৪ উইকেট। এই মুহূর্তে ব্যাট করছেন পাকিস্তানের স্বীকৃত ব্যাটসম্যানদের সর্বশেষ জুটি রিজওয়ান–সালমান।
দিনের প্রথম সেশন শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের ব্যাটিংয়ের অর্ধেক অংশ ছেঁটে ফেলা গেছে। স্বাগতিকদের এই সাফল্য এসেছে পেসার তাসকিন আহমেদ ও স্পিনার মেহেদী হাসান মিরাজের হাত ধরে।
তাসকিন অভিষেকে সেঞ্চুরি করা আজান আসওয়াইস ও শান মাসুদকে ফেরানোর পর মিরাজ আউট করেছেন সৌদ শাকিল ও আবদুল্লাহ ফজলকে। ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান লাঞ্চবিরতির আগের সাত ওভারে উইকেট হারায়নি।
এবার রিভিউ নষ্ট
পাকিস্তান ১ম ইনিংস: ৬৬ ওভারে ২৩৭/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
মিরাজের বলটা বেশ নিচু ছিল। খেলতে পারেননি রিজওয়ান। লিটনের হাতে বল যাওয়ার পর ক্যাচের আবেদন করে বাংলাদেশ। জোরাল আবেদনই। তবে আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া দেননি।
বাংলাদেশ বেশিই আত্মবিশ্বাসী ছিল। নেওয়া হয় রিভিউ। সেখানে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। একটি রিভিউ নষ্ট হল বাংলাদেশের।
‘নো’ বলে উইকেট নষ্ট তাসকিনের
সৌভাগ্য সালমান আগার। তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। আরেকটি উইকেট পাওয়ার আনন্দে উচ্ছ্বাসেও ভেসেছেন বাংলাদেশি পেসার। কিন্তু কয়েক সেকেন্ড পরই জানা গেল, ওভার স্টেপিং!
তাসকিনের ‘নো’ বলে বেঁচে গেলেন ১৩ বলেও রানের খাতা খুলতে না পারা সালমান।
পাকিস্তান ১ম ইনিংস: ৬৪ ওভারে ২৩১/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
মিরাজের তৃতীয় শিকার
পাকিস্তান ১ম ইনিংস: ৬৩.৪ ওভারে ২৩০/৫। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
উইকেটে থিতু হয়ে যাওয়া আবদুল্লাহ ফজল থেকেও ‘মুক্তি’ পেয়েছে বাংলাদেশ। মিরাজের বল মিড অনের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভেতরে তাইজুলের হাতে ক্যাচ দিয়েছেন ফজল। অভিষেকে ফিফটি করা এই ব্যাটসম্যান ফিরেছেন ১২০ বলে ৬০ রান করে।
গতকাল ইমাম–উল–হককে আউট করা মিরাজ আজ নিলেন দুই উইকেট।
পাকিস্তানের নতুন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তাঁর সঙ্গে আছেন সালমান আগা।
মিরাজের এলবিডব্লিউর ফাঁদে শাকিল
পাকিস্তান ১ম ইনিংস: ৬০ ওভারে ২২৭/৪। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
টানা দ্বিতীয় ওভারে এল উইকেট। মিরাজের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন সৌদ শাকিল। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।
শাকিল রিভিউ নিয়েছিলেন। তবে বল ব্যাটে লাগেনি, হিট করেছে উইকেটেই। সর্বশেষ ৬ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ।
তাসকিনের শিকার এবার শান মাসুদ
পাকিস্তান ১ম ইনিংস: ৫৯ ওভারে ২২৬/৩। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
দিনের প্রথম ঘণ্টায় আরও একটি উইকেট পেয়ে গেল বাংলাদেশ, এবারও বোলার তাসকিন।
অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ খেলেছিলেন শান মাসুদ। শর্ট পয়েন্টে থাকা সাদমান ইসলাম নিচু হয়ে আসা বল মুঠোয় নিয়েছেন দারুণভাবে। পাকিস্তান অধিনায়ক ফিরলেন ১৭ বলে ৯ রান করে।
আওয়াইসের পর মাসুদ—সকালের প্রথম দুটি উইকেটই নিলেন তাসকিন।
পাকিস্তানের নতুন ব্যাটসম্যান সৌদ শাকিল। সঙ্গে আছেন আবদুল্লাহ ফজল।
ফজলের ফিফটি
পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ২২০/২। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
এবার অভিষেকে ফিফটির দেখা পেলেন আবদুল্লাহ ফজল। তাসকিনের বলে সিঙ্গেল নিয়ে ১০১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন এই বাঁহাতি।
আওয়াইসকে ফেরালেন তাসকিন
পাকিস্তান ১ম ইনিংস: ৫৪.৪ ওভারে ২১০/২। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
অবশেষে আওয়াইসকে ফেরাতে পারল বাংলাদেশ। তাসকিনের বলে স্লিপে নাজমুলের হাতে ক্যাচ দিয়েছেন এই সেঞ্চুরিয়ান। ভাঙল আওয়াইস–ফজলের ১০৪ রানের জুটি, বাংলাদেশ পেল পাকিস্তানের দ্বিতীয় উইকেট।
এটি ছিল আজকের দিনে তাসকিনের দ্বিতীয় ওভার। কাঁধ সমান উঁচু থেকে ভালো ক্যাচ নিয়েছেন নাজমুলও। অভিষেক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া আওয়াইস ফিরেছেন ১৬৫ বলে ১০৩ রান করে।
নতুন ব্যাটসম্যান শান মাসুদ।
অভিষেক ইনিংসেই সেঞ্চুরি আওয়াইসের
তৃতীয় দিনের পঞ্চম ওভারে সেঞ্চুরিতে পৌঁছে গেছেন আজান আওয়াইস। ৮৫ রান নিয়ে দিন শুরু করা এই বাঁহাতি ৫১তম ওভারে নাহিদ রানার পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পৌঁছান। ১৫৩ বল খেলা ইনিংসটিতে আছে ১৪টি চার।
এর পরের বলে আব্দুল্লাহ ফজল সিঙ্গেল নিলে পাকিস্তানের দলীয় রান দুই শ রানের ঘর ছুঁয়েছে।
পাকিস্তান ১ম ইনিংস: ৫১ ওভারে ২০০/১। বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩।
স্বাগত তৃতীয় দিনের খেলায়
বাংলাদেশ–পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় স্বাগত। পাকিস্তান খেলা শুরু করবে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে।
গতকাল পাকিস্তানের বোলাররা দিন শুরু করেছিলেন মেঘাচ্ছন্ন আবহাওয়ায়। আজ বাংলাদেশের বোলারদের জন্য ভিন্ন আবহাওয়া। ঝকঝকে রোদ, গরমের তীব্রতাও অনেক। প্রথম ঘণ্টায় সাফল্য না পেলে বাংলাদেশের জন্য প্রথম ইনিংসে লিড পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪১৩ রান।
দ্বিতীয় দিন শেষে...
ব্যাটে–বলে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা পাকিস্তানের। বল হাতে আজ বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছে ১১২ রানে।
এরপর ব্যাটিং করতে নেমে দিন শেষ করল ১ উইকেটে ১৭৯ রান নিয়ে। আওয়াইস ৮৫ রান ও ফজল ৩৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। পাকিস্তান ওপেনার ইমাম–উল–হকও রান করেছেন, তিনি মিরাজের বলে ৪৫ রানে আউট হয়েছেন।
আজ বাংলাদেশকে ভুগিয়েছে তাদের ফিল্ডিং। বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৯/১(আওয়াইস ৮৫*, ফজল ৩৭*; মিরাজ ১/৩৭)
বাংলাদেশ ১ম ইনিংস: ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, তাসকিন ২৮, তাইজুল ১৭, সাদমান ১৩ ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০)।
দ্বিতীয় দিন শেষে
পাকিস্তানের দেড় শ
পাকিস্তান প্রথম ইনিংস: ৩৭ ওভারে ১৫০/১।
মাত্র এক উইকেট হারিয়েই দেড় শ রানে পৌঁছে গেছে পাকিস্তান। ১০৬ রানে ইমাম উল হক আউট হওয়ার পর জুটিতে বেঁধেছেন দুই অভিষিক্ত আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। আওয়াইস ৭৮, ফজল ১৬ রানে ব্যাট করছেন।
উইকেটের দেখা পেল বাংলাদেশ
পাকিস্তান প্রথম ইনিংস: ২২ ওভারে ১০৬/১।
অবশেষে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারল বাংলাদেশ। মিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন ইমাম উল হক। ১০৬ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান।
ইমাম রিভিউ নিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। ৭২ বলে ৪৫ রান করে ফিরলেন এই ওপেনার। নতুন ব্যাটসম্যান আব্দুল্লাহ ফজল। আওয়াইসের মতো তাঁরও এটি অভিষেক টেস্ট।
পাকিস্তানের এক শ, আওয়াইসের ফিফটি
পাকিস্তান প্রথম ইনিংস: ২১ ওভারে ১০৪/০।
২১তম ওভারটি করেছেন ইবাদত হোসেন। এই ওভারের তৃতীয় বলে কাভার দিয়ে চার মেরেছেন আজান আওয়াইস। পঞ্চম বলে মেরেছেন আরও একটি, সোজা লং অন দিয়ে।
এই চারে পাকিস্তানের রান এক শ ছুঁয়েছে। পরের বলে দুই রান নিয়ে ফিফটি পূর্ণ করেন আওয়াইস। প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমে অভিষেক ইনিংসেই ফিফটি করলেন এই বাঁহাতি। ইমাম উল হক ব্যাট করছেন ৪৩ রানে।
জমে গেছেন ইমাম–আজান
পাকিস্তান: ১৬ ওভারে ৭৬/০
চা বিরতির পরও দারুণ ব্যাট করছেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম–উল–হক ও আজান আওয়াইস। আজান ৩২ ও ইমাম ৩৮ রানে অপরাজিত।
তিন পেসার ও এক স্পিনার নিয়েও তাদের জুটি ভাঙতে পারছে না বাংলাদেশ।
চা বিরতিতে দুই দল
পাকিস্তান: ১০ ওভারে ৫০/০।
শেষ হলো দ্বিতীয় সেশনের খেলা। চা বিরতিতে গিয়েছে দুই দল। তার আগে নিজেদের প্রথম ইনিংসে ১০ ওভারে ৫০ রান তুলেছে পাকিস্তান। আওয়াইস ১৮ ও ইমাম ২৮ রানে অপরাজিত। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ৩৬৩ রানে পিছিয়ে পাকিস্তান।
অষ্টম ওভারে ইবাদতের চতুর্থ বলে তৃতীয় স্লিপে ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান। লাফ দিয়েছিলেন, কিন্তু এক হাতের চেষ্টায় বল হাতে রাখতে পারেননি।
পরের ওভারে নাহিদ রানার বলে মাঠের আম্পায়ার ইমামকে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান পাকিস্তানি ওপেনার।
নাহিদের বাউন্সারে বিপদে আজান
পাকিস্তান: ৭ ওভারে ৩৬/০।
সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসে প্রথম বলেই বাউন্সার মারেন ফাস্ট বোলার নাহিদ রানা। ১৪০.৯ কিমি গতির ডেলিভারিটি সাপের ছোবলের মতো আঘাত হানে পাকিস্তানি ওপেনার আজান আওয়াইসের হেলমেটে।
মাঠে পাকিস্তান দলের ফিজিও তৎক্ষণাৎ ঢুকে আজানের প্রাথমিক চিকিৎসা করেন। কনকাশনের কোনো শঙ্কা আছে কি না সেটা নিশ্চিত হয়েছেন দীর্ঘ সময় কথা বলে। শেষ পর্যন্ত আবারও ব্যাটিংয়ে দাঁড়াতে পেরেছেন অভিষিক্ত আজান আওয়াইস। অর্থাৎ বিপদমুক্ত।
দেখেশুনে এগোচ্ছে পাকিস্তান
পাকিস্তান: ৪ ওভারে ১৯/০।
বুঝেশুনে ব্যাট করছেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম–উল–হক ও আজান আওয়াইস।
স্লিপে এ পর্যন্ত দুটি ক্যাচ উঠলেও বল নিচু হয়ে বাংলাদেশের ফিল্ডারদের সামনে পড়েছে।
তাসকিন ও ইবাদত বোলিং করছেন। আজান ৭ ও ইমাম ১০ রানে অপরাজিত।
১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, তাসকিন ২৮, তাইজুল ১৭, সাদমান ১৩ ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০)।
১১৮তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে স্লিপে দারুণ ডাইভে তাসকিনের ক্যাচ নেন সৌদ শাকিল। এই আউটের মধ্য দিয়ে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হলো বাংলাদেশ।
শেষ উইকেটে তাসকিন–নাহিদের ৩৯ বলে ২৯ রানের জুটিতে দলীয় স্কোর চার শ পার করতে পেরেছে বাংলাদেশ। এই জুটিতে তাসকিনের অবদান ১৬ বলে ২৪, নাহিদের ২৩ বলে ৪।
১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে ২৮ রানে আউট হলেন তাসকিন। আগের দিন একটি এবং আজ চারটি উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইনিংসে ন্যূনতম ৫ উইকেট পেলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস। তাঁর বোলিং ফিগার ৩৪–৮–৯২–৫।
৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ ৩২.১ ওভার ব্যাট করে বাকি ৬ উইকেট হারিয়ে ১১২ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
আগের দিন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক আজ ৭১ রানে আউট হন। লিটন করেন ৩৩ রান। দলীয় ৩৭৮ রানে ২৪ বলের মধ্যে তাইজুল, মুশফিক ও ইবাদতকে হারায় বাংলাদেশ।
ছক্কায় চার শ পার
বাংলাদেশ: ১১৫ ওভারে ৪০৩/৯।
১১৫ তম ওভারে আব্বাসের দ্বিতীয় বলে স্ট্রেট দিয়ে ছক্কা মেরে বাংলাদেশের দলীয় স্কোর চার শ পার করলেন তাসকিন।
মারমুখো ব্যাট করা তাসকিন ১২ বলে ২০ রানে অপরাজিত। নাহিদ ১৬ বলে ২ রানে অপরাজিত।
ইবাদতও আউট, চার শ নিয়ে সংশয়
বাংলাদেশ: ১১১ ওভারে ৩৮৫/৯।
১১১ তম ওভারের পঞ্চম বলে ইবাদতকে (০) রিজওয়ানের ক্যাচ বানালেন আব্বাস। এই ইনিংসে এটি আব্বাসের ৫ম উইকেট।
শেষ ব্যাটসম্যান হিসেবে নেমেছেন নাহিদ রানা। অন্য প্রান্তে তাসকিন। চার শর দেখা কি পাবে বাংলাদেশ?
নাহ, মুশফিক পারলেন না!
বাংলাদেশ: ১১০ ওভারে ২৮৪/৮।
মুশফিক তাঁর জন্মদিনে সেঞ্চুরি পাবেন কি না, সেই আলোচনা চলছিল। এর মধ্যে মুশফিক ৭১ রানে থাকতে তাঁকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করলেন শাহিন আফ্রিদি।
১১০ তম ওভারের তৃতীয় বলে রাউন্ড দ্য উইকেট থেকে আফ্রিদির ডেলিভারিটি ভেতরে ঢুকে মুশফিকের স্টাম্প উপড়ে দেয়। ভুল লাইনে খেলা বল ব্যাটে পাননি মুশফিক। ১৭৯ বলে শেষ হলো তাঁর ৭১ রানের ইনিংস।
ক্রিজে নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। অন্য প্রান্তে আছেন ইবাদত।
শেষ হলো প্রথম সেশন
বাংলাদেশ: ১০৯ ওভারে ৩৮০/৭।
আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছে বাংলাদেশ।
আউট হন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ৭১ রান নিয়ে এক প্রান্ত আগলে রেখেছেন মুশফিক। অন্য প্রান্তে রয়েছেন ইবাদত।
উইকেটে আজ বল ওঠা–নামা করছে বেশি। কিছু বল উঠেছে, কিছু আবার বিপজ্জনকভাবে নিচু হয়েছে। মুশফিক এগুলো সামলেই ভালো ব্যাট করছেন। নিজের জন্মদিনে সেঞ্চুরি পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
তবে এই টেস্টের আগে অধিনায়ক নাজমুল হোসেনের দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথেই আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে চার শ রান তোলার কথা বলেছিলেন নাজমুল। বাংলাদেশ আজ প্রথম সেশনের খেলা শেষে চার শ রান থেকে মাত্র ২০ রান দূরে।
পাকিস্তানের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আব্বাস। ৩১ ওভার বোলিং করে ৭৩ রানে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে ৩টি উইকেটই নিয়েছেন আজ।
আব্বাসের চতুর্থ উইকেট
বাংলাদেশ: ১০৭ ওভারে ৩৭৮/৭।
এবার তাঁর বাউন্সারে শিকার তাইজুল ইসলাম। পুল করতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন ২৩ বলে ১৭ রান করা তাইজুল।
তাইজুল পাকিস্তানি পেসার আব্বাসের চতুর্থ শিকার।
নতুন ব্যাটসম্যান ইবাদত হোসেন। মুশফিক ৬৯ রানে অপরাজিত। সেঞ্চুরি পেতে অন্য প্রান্তে তাঁর নির্ভরযোগ্য সঙ্গী প্রয়োজন। ইবাদত কি পারবেন?
জন্মদিনে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন কারা
মুশফিকের আজ জন্মদিন। ৬৯ রানে মিরপুর টেস্টে ব্যাট করছেন। সেঞ্চুরি কি পাবেন?
জন্মদিনে টেস্ট সেঞ্চুরির সঠিক তালিকা নেই। তবে এমন বেশ কিছু ঘটনা উল্লেখ করা যায়।
২০০৬ সালে সেন্ট কিটসে ভারতের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান।
১৯৭০ সালে গেবারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জন্মদিনে সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার লি আরভিন। টেস্টে সেটাই তাঁর একমাত্র সেঞ্চুরি। ইংল্যান্ডের ক্রিস লুইসও টেস্ট ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরিটি করেন নিজের জন্মদিনে। সেটা ১৯৯৩ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে।
১৯৫১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে জন্মদিনে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের রেগ সিম্পসন।
নটিংহামে ১৯৫৭ সালে ইংল্যান্ডের পিটার রিচার্ডসন তাঁর জন্মদিনে সেঞ্চুরি পান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্রায়েম পোলক ১৯৬৭ সালে গেবারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের জন্মদিনে সেঞ্চুরি করেন।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই ছয়জনের পাশাপাশি পাকিস্তান কিংবদন্তি ইমরান খান, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার অ্যান্ড্রু হাডসন এবং ইংল্যান্ডের উইকেটকিপার–ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্টও নিজের জন্মদিনে টেস্টে সেঞ্চুরি পেয়েছেন।
জন্মদিনে আছে ডাবল সেঞ্চুরির কীর্তিও!
১৯৩০ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জন্মদিনে ডাবল সেঞ্চুরি পান ইংল্যান্ডের প্যাটসি হেনড্রেন।
২০০৬ সালে চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও তাঁর জন্মদিনে ডাবল সেঞ্চুরি তুলে নেন। প্রতিপক্ষ? বাংলাদেশ!
জন্মদিনে আছে ট্রিপল সেঞ্চুরির কীর্তিও। তবে সেটা টেস্টে নয়।
১৯৬২ সালে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিসির হয়ে চার দিনের ম্যাচে ৩০৭ রানের ইনিংস খেলেন ইংল্যান্ড কিংবদন্তি কলিন কাউড্রে। খেলার দ্বিতীয় দিনটি ছিল তাঁর জন্মদিন, সেদিনই ট্রিপল সেঞ্চুরি পান কাউড্রে।
১৮৭০ সালে লর্ডসে জেন্টলমেনের হয়ে প্লেয়ার্সদের বিপক্ষে নিজের ২২ তম জন্মদিনে সেঞ্চুরি করেন ক্রিকেটের বিখ্যাত দাঁড়িওয়ালা ইংরেজ ডব্লিউ জি গ্রেস। সাত বছর পর ‘ইংল্যান্ড’ এর বিপক্ষে গ্লুস্টারশায়ার ও ইয়র্কশায়ারের সম্মিলিত দলের হয়ে জন্মদিনে আবারও সেঞ্চুরি করেন গ্রেস।
মিরাজ দাঁড়াতে পারলেন না
বাংলাদেশ: ১০১ ওভারে ৩৫৪/৬।
আব্বাসের করা ১০১তম ওভারে ছক্কা মারার পরের বলেই আউট মিরাজ!
তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারার পরের বলেই গালিতে ক্যাচ দিয়ে ফিরলেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। ১২ বলে ১০ রান করেছেন মিরাজ।
ক্রিজে নতুন ব্যাটসম্যান তাইজুল ইসলাম। তাঁকে নিয়ে কি সেঞ্চুরি তুলে নিতে পারবেন মুশফিক। আপাতত তিনি ৬২ রানে অপরাজিত।
ক্যাচ শেখালেন লিটন
বাংলাদেশ: ৯৭ ওভারে ৩৩৮/৫।
আব্বাস বাউন্সার মেরেছিলেন অফ স্টাম্পের বেশ বাইরে। লিটনের সেটা টেনে মিড অনের ওপর দিয়ে মারার সাধ জাগল! ব্যাটে–বলে ঠিকমতো করতে না পারায় মিড অনে বদলি ফিল্ডার আমাদ বাটকে ক্যাচ শিখিয়ে ফিরতে হলো ড্রেসিংরুমে।
৬৭ বলে ৩৩ রান করেছেন লিটন। ৯৭তম ওভারের চতুর্থ বলে তাঁর আউট হওয়ার মধ্য দিয়ে পঞ্চম উইকেটে লিটন–মুশফিকের ৬২ রানের জুটিও ভাঙল।
সাতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।
বেঁচে গেলেন লিটন
বাংলাদেশ: ৯৫ ওভারে ৩৩০/৪।
৯৫ তম ওভারে আব্বাসের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন লিটন। বলটি অফ স্টাম্পের বেশ বাইরে থাকায় জোরে স্কয়ার কাট খেলতে গিয়ে সেভাবে ব্যাটে পাননি। স্লিপে দাঁড়ানো ফিল্ডার আজান আওয়াইস এক হাতে ক্যাচটি দারুণভাবে নিলেও টিভি আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেছেন, ক্যাচটি বৈধ ছিল না। অর্থাৎ বল মাটিতে লেগেছিল। বেঁচে গেলেন লিটন।
লিটন ৩২ ও মুশফিক ৫৩ রানে ব্যাট করছেন।
মুশফিক–লিটনের ‘ফিফটি’
বাংলাদেশ: ৯২ ওভারে ৩২৬/৪।
পঞ্চম উইকেটে ১১০ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক ও লিটন। দুজনেই দেখেশুনে ব্যাট করছেন। বাংলাদেশের প্রথম ইনিংসে এটি তৃতীয় ন্যূূনতম ৫০ রানের জুটি।
মুশফিক ৫১ ও লিটন ৩০ রানে অপরাজিত।
মুশফিকের ফিফটি
বাংলাদেশ: ৮৯ ওভারে ৩১৭/৪।
টেস্ট ক্যারিয়ারে নিজের ২৯ তম ফিফটি তুলে নিলেন মুশফিক। জন্মদিনে ফিফটি তুলে নেওয়ায় ইনিংসটি নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে তাঁর কাছে? তবে ইনিংসটিকে তিন অংকে নিয়ে যেতে পারলে সেটাই হবে জন্মদিনে মুশফিকের বড় প্রাপ্তি।
দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারে শাহিন আফ্রিদির বলে (৮৮.২ ওভার) সিঙ্গেল নিয়ে ফিফটির দেখা পান মুশফিক। তার আগে ভালো শুরুও পেয়েছেন লিটন ও মুশফিক। ৮৭ তম ওভারে আফ্রিদিকে টানা তিন চার মারেন লিটন।
মুশফিক ৫০ ও লিটন ২২ রানে ব্যাট করছেন।
টেস্ট এ নিয়ে টানা তিন ইনিংসে ন্যূনতম ৫০ রানের দেখা পেলেন মুশফিক। গত বছর নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দুই ইনিংসে তাঁর স্কোর ৫৩* ও ১০৬।
মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন
শেরেবাংলা স্টেডিয়াস থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, গতকাল রোদ থাকলেও আজ তা নেই। মেঘাচ্ছন্ন আকাশের নিচে পাকিস্তানের বোলাররা একটু বাড়তি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন বাংলাদেশের ক্রিকেটারদের। দলের প্রতিনিধি হয়ে গতকাল মুমিনুল হক বলে গিয়েছিলেন, আজ দিনের প্রথম এক ঘণ্টা তাদের কাছে গুরুত্বপূর্ণ।
শুভ জন্মদিন মুশফিকুর রহিম
শুভ জন্মদিন ‘মিস্টার ডিপেন্ডেবল।’
আজ ৩৯ বছর বয়সে পা রাখলেন মুশফিকুর রহিম। শুভ জন্মদিন! দিনের খেলা শুরুর আগে মুশফিকের জন্মদিন উদ্যাপন করতে কেক কেটেছে বাংলাদেশ দল।
জন্মদিনে ফিফটির খোঁজে মাঠে নামবেন ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক। ৮ রানে অন্য প্রান্তে অপরাজিত লিটন দাস। আজ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে কতদূর যাবে বাংলাদেশ?
গতকাল ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রানে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষে
দিনের শেষ সেশনের খেলার সমাপ্তি ঘোষণা করা হলো সাড়ে পাঁচটায়। টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। তাতে ৪ উইকেটে ৩০১ রান করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রান নিয়ে কাল দিনের খেলা শুরু করবেন।
টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের হয়েছে অধিনায়ক নাজমুল হোসেনের ১০১ ও মুমিনুল হকের ৯১ রানের ইনিংসের কল্যাণে। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও নোমান আলী।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩০১/৪ (নাজমুল ১০১, মুমিনুল ৯১; আফ্রিদি ১/৬৭, আব্বাস ১/৫১)
প্রথম দিন শেষে
বাংলাদেশের তিন শ
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৪ ওভারে ৩০১/৪।
ইনিংসের ৮৪তম ওভারে মোহাম্মদ আব্বাসের তৃতীয় বলে থার্ড ম্যান দিয়ে চার মেরেছেন মুশফিকুর রহিম। এই বাউন্ডারিতে বাংলাদেশের প্রথম ইনিংসের রান তিন শর ঘর ছুঁয়েছে। মুশফিক ৪৮, লিটন ৮ রানে ব্যাট করছেন।
নোমান আলী টু মুমিনুল, আউট!
বাংলাদেশ: ৭৫ ওভারে ২৭৭/৪
পারলেন না মুমিনুল! বাঁহাতি স্পিনার নোমান আলীর নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হলেন মুমিনুল। তিনি করেছেন ৯১ রান।
মুমিনুল সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। এরপর তিনি ৭টি (আজকের ইনিংসসহ) পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেও একটিও সেঞ্চুরি পাননি।
জুটি বড় হচ্ছে মুশফিক–মুমিনুলের
বাংলাদেশ: ৬৩ ওভারে ২৪৪/৩।
চা বিরতির পর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার পথে আছেন মুমিনুল হক। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েছেন দুজন।
মুমিনুল ৮০ ও মুশফিক ১৪ রানে অপরাজিত।
দ্বিতীয় সেশনও বাংলাদেশের
বাংলাদেশ: ৫৩ ওভারে ২০১/৩।
মিরপুর টেস্টে আজ প্রথম দিনে প্রথম সেশনে ১১ ওভারের মধ্যে ২টি উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেছিল পাকিস্তান। এরপর তৃতীয় উইকেটে নাজমুল–মুমিনুলের ১৭০ রানের জুটিতে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও নিজেদের করে নেয় বাংলাদেশ।
টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি তুলে নিয়ে ৫৩তম ওভারে আব্বাসের বলে আউট হন নাজমুল। এই ওভারের খেলা শেষেই চা বিরতিতে যায় দুই দল।
মুমিনুল অন্য প্রান্তে ৬৪ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমেছেন মুশফিকুর রহিম (০*)।
দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১ উইকেটে ১০০ রান তুলেছে বাংলাদেশ।
সেঞ্চুরি করেই আউট নাজমুল
৫৩তম ওভারে আব্বাসের প্রথম বলে কাভার ড্রাইভে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের ৯ম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল। অসাধারণ ব্যাট করছেন। ১২৯ বলে সেঞ্চুরির পথে ১২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। এর মধ্যে ৪৯ তম ওভারে আব্বাসের দ্বিতীয় বলে লং অন দিয়ে মারা ছক্কাটি এখন পর্যন্ত দিনের সেরা শট।
আজ যেভাবে ব্যাট করেছেন, তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হতেই পারে এই সেঞ্চুরিটি। শট বাছাই, টেম্পারমেন্ট, পুল, স্পিনে একটু চড়াও হয়ে খেলা—সব মিলিয়ে চোখ জুড়ানো এক ইনিংসই খেললেন নাজমুল।
কিন্তু সেঞ্চুরি করার পরের বলেই এলবিডব্লু আউট হয়ে ফিরলেন নাজমুল। রিভিউ নিয়ে তাঁকে আউট করেছে পাকিস্তান। ১৩০ বলে ১০১ রানে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।
টেস্টে আজকের ইনিংসসহ সর্বশেষ ৮ ইনিংসের মধ্যে চারটি সেঞ্চুরি পেয়েছেন নাজমুল। পাঁচে নেমেছেন মুশফিকুর রহিম। মুমিনুল ৬৪ রানে অপরাজিত।
নাজমুল আউট হওয়ার মধ্য দিয়ে তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে তাঁর ২৫৭ বলে ১৭০ রানের জুটিও ভাঙল। এই জুটিতে মুমিনুলের অবদান ৬২, নাজমুলের ১০১।
মুমিনুলের ফিফটি
বাংলাদেশ: ৪২ ওভারে ১৬২/২।
১০২ বলে ফিফটি তুলে নিলেন মুমিনুল। ৪২তম ওভারে নোমান আলীর প্রথম বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারে ২৬ তম ফিফটি পেলেন এই বাঁহাতি। এই পথে চার মেরেছেন ৬টি।
মুমিনুল ১০৫ বলে ৫২ ও নাজমুল ১০২ বলে ৭৭ রানে অপরাজিত।
৮২,৬৩,৮৭ ও ৫২*—টেস্ট ক্যারিয়ারে আজকের ইনিংসসহ সর্বশেষ চার ইনিংসেই ফিফটি পেলেন মুমিনুল। সবগুলো ইনিংসই ঘরের মাঠে (সিলেটে একটি, মিরপুরে তিনটি)। আজ সেঞ্চুরি পান কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েছেন নাজমুল ও মুমিনুল।
নাজমুল–মুমিনুলের ‘সেঞ্চুরি’
বাংলাদেশ: ৩৬ ওভারে ১৩৪/২।
তৃতীয় উইকেটে নাজমুল–মুমিনুল ১০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। এই জুটিতে মুমিনুলের অবদান ৭৪ বলে ৩৯* ও নাজমুলের অবদান ৮১ বলে ৬১*।
মুমিনুল ৮৭ বলে ৪১ ও নাজমুল ৮১ বলে ৬১ রানে অপরাজিত।
নাজমুলের ফিফটি
বাংলাদেশ: ৩১ ওভারে ১১৭/২।
৩১ তম ওভারে হাসান আলীর শেষ বলটি ছিল শরীর তাক করে মারা বাউন্সার। বলটি যত ভালো ছিল, তার চেয়েও দর্শনীয় পুল শটে সীমানাছাড়া করে ফিফটি তুলে নেন নাজমুল। বাংলাদেশ অধিনায়কের টেস্ট ক্যারিয়ারে এটি ষষ্ঠ ফিফটি।
টেস্টে এই ইনিংসহ সর্বশেষ ৮ ইনিংসে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি তুলে নিলেন নাজমুল। ১ ছক্কা ও ৬টি চারে মোট ৭১ বলে ফিফটি তুলে নিলেন নাজমুল। ৭৩ বলে ৫৩ রানে ব্যাট করছেন তিনি। এই ইনিংসে মোটেও তাড়াহুড়ো করেননি, শট খেলার সুযোগ পেলেও ছাড়েননি। যেমন সাহসী তেমনই সুন্দর ব্যাটিং করছেন বাংলাদেশ অধিনায়ক।
নাজমুল–মুমিনুলের তৃতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৮৬ রান। ৭১ বলে ৩২ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন মুমিনুল।
মধ্যাহৃভোজের বিরতি
বাংলাদেশ: ২৬ ওভারে ১০১/২।
শেষ হলো প্রথম সেশনের খেলা। মধ্যাহৃভোজনের বিরতিতে গিয়েছে দুই দল। তার আগে বেশ ভালো ব্যাট করেছেন মুমিনুল ও নাজমুল। তৃতীয় উইকেটে ৯৫ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। এই জুটিতে মুমিনুলের অবদান ৪৫ বলে ২৯ এবং নাজমুলের ৫০ বলে ৩৯।
মুমিনুল ৩১ ও নাজমুল ৩৯ রানে অপরাজিত। মুমিনুল ৪টি চার মেরেছেন। নাজমুল ৪টি চারের সঙ্গে একটি ছক্কাও মারেন।
বাংলাদেশ প্রথম ফিফটি পেয়েছে ১০২ বলে। পরের ফিফটি পেয়েছে ৫২ বলে।
প্রথম সেশনে পাঁচ বোলার ব্যবহার করেছে পাকিস্তান। বাংলাদেশ ১০.১ ওভারে ৩১ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরেন মুমিনুল ও অধিনায়ক নাজমুল। তাদের জুটি ভাঙতে পার্ট–টাইমার সালমান আগাকে দিয়ে স্পিন বোলিং করিয়েছে পাকিস্তান। পাশাপাশি নিয়মিত স্পিনার নোমান আলীও বোলিং করেন।
এর আগে সপ্তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল (৮)। এরপর হাসান আলীর বলে সাদমানও (১৩) স্লিপে ক্যাচ দেন।
বড় জুটি গড়ার চেষ্টা...
বাংলাদেশ: ২২ ওভারে ৮৩/২।
তৃতীয় উইকেটে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও নাজমুল। এই জুটি যতটা সম্ভব বড় করতে হবে দুজনকে। সেই চেষ্টাই করছেন তারা।
মুমিনুল ২৬ ও নাজমুলও ২৬ রানে অপরাজিত।
এসেই উইকেট নিলেন হাসান আলী
বাংলাদেশ: ১১ ওভারে ৩৬/২।
১১ তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই সাদমানকে স্লিপে ক্যাচ বানালেন হাসান আলী। সিম মুভমেন্টের কাছে নতি স্বীকার করে তৃতীয় স্লিপে সালমান আগাকে ক্যাচ দেন ৩০ বলে ১৩ রান করা সাদমান।
মুমিনুল ৬ ও চারে নামা নাজমুল ১ রানে অপরাজিত।
২৫ বলের মধ্যে ২ উইকেট হারাল বাংলাদেশ।
রেকর্ড
নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো এক ম্যাচে ৭ জন বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে নেমেছে পাকিস্তান। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট ও ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৬ জন বাঁহাতি ব্যাটসম্যান খেলায় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে চলমান মিরপুর টেস্টটি এ সংস্করণে পাকিস্তানের ৪৬৮ তম ম্যাচ।
আউট !
বাংলাদেশ: ৭ ওভারে ২৩/১।
‘জীবন’ পেলেও তা কাজে লাগাতে পারলেন না মাহমুদুল। সপ্তম ওভারে শাহিন আফ্রিদির প্রথম বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরলেন। ১৯ বলে ৮ রান করেছেন মাহমুদুল। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ দেন।
তিনে নেমেছেন মুমিনুল হক।
পাকিস্তানের প্রথম বোলার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নিলেন শাহিন আফ্রিদি। মাহমুদুলকে আউট করে মাইলফলকটির দেখা পেলেন এ পেসার।
‘জীবন’ পেলেন মাহমুদুল
বাংলাদেশ: ৫ ওভারে ১৮/০।
পঞ্চম ওভারে আফ্রিদির প্রথম বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন মাহমুদুল। ক্যাচটি ধরতে দ্বিতীয় স্লিপ ফিল্ডার আব্দুল্লাহ ফজল কিছুটা সামনে চলে আসায় বলটি আর মুঠোবন্দী করতে পারেননি প্রথম স্লিপে দাঁড়ানো সালমান আগা। রুটিন ক্যাচ ছিল এটি। ব্যক্তিগত ৪ রানে ‘জীবন’ পাওয়াটা কি কাজে লাগাতে পারবেন মাহমুদুল?
মাহমুদুল ৮ ও সাদমান ৬ রানে অপরাজিত। এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো পেসার বাউন্সার মারেননি!
দেখেশুনে ব্যাট করছেন সাদমান–মাহমুদুল
বাংলাদেশ: ৪ ওভারে ১৪/০
পাকিস্তানের দুই পেসার শাহিন আফ্রিদি ও মুহাম্মদ আব্বাস ভালো জায়গায় বোলিং করছেন। বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমানও দেখে খেলছেন। আপাতত ড্রাইভের বলগুলো ছাড়া সেভাবে রান বের করার চেষ্টা করছেন না তাঁরা।
দুটি চার হজমে শুরু আফ্রিদির
বাংলাদেশ: ১ ওভারে ৮/০।
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির প্রথম বলেই ফ্লিক করে চার মারেন ওপেনার মাহমুদুল হাসান। পরের বলে লেগ বাই থেকে চার হয়। ৮ রান এসেছে এই ওভারে। হালকা সুইং পেয়েছেন আফ্রিদি।
তিন স্লিপ ও গালিতে এক ফিল্ডার রেখেছে পাকিস্তান। মাহমুদুল ৪ ও সাদমান ০ রানে অপরাজিত।
টসনামা ও কত রান নিরাপদ?
শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, এখন পর্যন্ত ঘরের মাঠে ৩৬বার টস হেরে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৬ ম্যাচে। সবগুলো ম্যাচই ছিল জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের বিপক্ষে।
পিচে ঘাস থাকায় শুরুতে বেশ সুবিধা পাওয়ার কথা পাকিস্তানের পেসারদের। তবে সুযোগ আছে বাংলাদেশের জন্যও। সর্বশেষ যে আটবার বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে তিন শর বেশি রান করেছে, এর মধ্যে কোনো ম্যাচেই হারেনি। এক ড্র ও বাকি সাত ম্যাচেই জিতেছে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন তো গতকালই বলেছেনই, তারা চান চার শ রান করতে!
পাকিস্তান একাদশ
আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।
আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হচ্ছে পাকিস্তানের জার্সিতে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও ইবাদত হোসেন।
টস
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। অর্থাৎ আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল।
উইকেট কেমন
শেরেবাংলা স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, পিচে ঘাস আছে। এখানে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী হতে পারেন যিনি— সেই নাহিদ রানাকে দেখা টসের পাঁচ মিনিট আগে দেখা গেল উইকেটে বল হাতে নিয়ে ‘শ্যাডো’ করতে। বাকিরাও তৈরি হচ্ছেন নিজেদের মতো করে।
গত কয়েক দিনে নিয়মিতই বৃষ্টি হয়েছে ঢাকায়। কিন্তু আজ মিরপুর টেস্ট শুরুর দিন আবহাওয়া রৌদ্রজ্জ্বল।
স্বাগতম
মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান দল। চোটের কারণে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তারকা ব্যাটসম্যান বাবর আজমের।
বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন দাবি করেছেন, গত কয়েক বছর ধরে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পেস আক্রমণ এগিয়ে।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট লড়াইয়ে গল্প অল্পস্বল্পে জানতে ক্লিক করতে পারেন এই লিংকে—মুলতান থেকে পিন্ডি—দুঃস্বপ্ন থেকে বাংলাদেশের গৌরবের গল্প
এই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে লক্ষ্যটাও জানিয়ে দিয়েছেন অধিনায়ক নাজমুল—৮০ ওভার হোক কিংবা ১২০ ওভার, বাংলাদেশ চায় ৪০০ করতে
পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ বলেছেন, ‘প্রতিশোধ’ নেওয়ার চিন্তা নেই পাকিস্তানের