ইংল্যান্ডে গিয়ে করোনায় আক্রান্ত শেন ওয়ার্ন
ইংলিশ ক্রিকেট বোর্ডের নতুন সংস্করণ দ্য হান্ড্রেডেও করোনার সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছেন অস্ট্রেলীয় কিংবদন্তি শেন ওয়ার্ন। ১০০ বলের ক্রিকেটে তিনি লন্ডন স্পিরিট নামের একটি ফ্র্যাঞ্চাইজির হেড কোচের দায়িত্ব পালন করছেন। ওয়ার্নের সঙ্গে লন্ডন স্পিরিটের কোচিং স্টাফের আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ওয়ার্নের আগে করোনায় আক্রান্ত হয়েছেন ট্রেন্ট রকেটস ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ সাবেক জিম্বাবুইয়ান তারকা অ্যান্ডি ফ্লাওয়ার। গত ১০ দিনের মধ্যে দুজন হেড কোচের করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারটি আলাদা করে মনোযোগ কাড়ার মতোই।
গতকাল রোববার সকালে লন্ডন স্পিরিটের সঙ্গে সাদার্ন ব্রেভের খেলা ছিল। এ ম্যাচ শুরুর আগেই ওয়ার্ন অসুস্থ বোধ করেন। তাঁকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয়। পরে করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসে তাঁর। আরটি-পিসিআর পরীক্ষাও করতে দেওয়া হয়েছে, সেটির ফল অবশ্য এখনো হাতে পাওয়া যায়নি।
লন্ডন স্পিরিট ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘লন্ডন স্পিরিট দলের হেড কোচ শেন ওয়ার্ন সাদার্ন ব্রেভের সঙ্গে ম্যাচে অনুপস্থিত থাকবেন। অসুস্থ বোধ করায় তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। করোনা পজিটিভও এসেছে তাঁর। এ মুহূর্তে সঙ্গনিরোধ অবস্থায় আছেন তিনি। তবে তাঁর আরটি-পিসিআর পরীক্ষার ফল এখনো আসেনি। তবে দলের কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হননি।’