প্রশ্নের জবাব না দিলে ফেরা হবে না সেলিম মালিকের

সেলিম মালিকের মন খারাপ হতেই পারে। ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন। সে সিদ্ধান্ত অবশ্য পরে বদলে গেছে। কিন্তু ততদিনে মাঠে ফেরার দিন শেষ হয়ে গেছে। কিন্তু ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতেই তাঁকে জায়গা দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিষেধাজ্ঞা থেকে ফেরা মোহাম্মদ আমির যেখানে বিশ্বকাপ খেলেছেন সেখানে তাঁর সঙ্গে এমন আচরণ কেন, সে প্রশ্ন রেখেছিলেন সাবেক ব্যাটসম্যান।
তাঁর সতীর্থ ইনজামাম-উল-হকও বলেছেন, মালিককে আবার সুযোগ দেওয়ার কথা চিন্তা করতে। হাজার হলেও ৫৭ বছরের মালিক এক সময় দেশের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন। ১০৩ টেস্ট আর ২৮৩ ওয়ানডে খেলেছেন। তিন বছর ধরে তদন্ত শেষে ২০০০ সালে কাইয়ুম কমিশন আজীবন নিষেধাজ্ঞা দেওয়ার আগে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান ভাবা হতো তাঁকে।
আজীবন নিষেধাজ্ঞার সে নির্দেশ পাকিস্তানের নিম্ন আদালতে অবশ্য বাতিল হয়েছে বেশ আগেই। এর পর ২০১০–১১ সালে বোর্ডের পরামর্শক হওয়ার আবেদন করলেও সেটা গ্রহণ করেনি বোর্ড। কারণ মালিক নিজের কর্মের ব্যাখ্যা বোর্ডকে দিতে রাজি হননি। আজীবন নিষেধাজ্ঞার পর যুক্তরাজ্যে কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন মালিক। সে সাক্ষাতে তাঁর কিছু মন্তব্যে বোর্ডের সন্দেহ হয়েছিল। মালিকের কাছে সেগুলোরই ব্যাখ্যা চাওয়া হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, 'মালিক আজ পর্যন্ত সে নোটিশের কোনো জবাব দেয়নি। এ কারণেই আইসিসি ও পিসিবি মালিককে কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে দিচ্ছে না।'
২০১৩ সালে দেওয়া সে নোটিশে মালিকের সব কথোপকথন আইসিসির কাছে আছে। সে কথোপকথন মালিকের ব্যাপারে সংস্থাগুলোর সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। পিসিবির সূত্র জানিয়েছে সে কথোপকথনের পুরোটা মালিকের কাছে পাঠিয়ে কিছু বিষয় পরিষ্কার করতে বলা হয়েছিল। কিন্তু গত সাত বছরে সেগুলোর জবাব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি মালিক।