ভারতে সুযোগ হারানোর ভয়ে কাশ্মীর গেলেন না ইংল্যান্ডের ক্রিকেটার
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) হুঁশিয়ারিতে তাহলে কাজ হচ্ছে!
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) নিয়ে গত কদিনে বেশ যুদ্ধ লেগেছে বিসিসিআই আর পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে।
টুর্নামেন্টের ভেন্যু যেহেতু কাশ্মীর, ক্রিকেট ছাপিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে যে রাজনীতির লড়াই-ই হবে, তা অনুমান করতে এমন কী বিশারদ হওয়ার দরকার! তা-ই হচ্ছে। বিসিসিআই এরই মধ্যে অন্য বোর্ডগুলোকে মানা করে দিয়েছে তাদের সাবেক ক্রিকেটারদের কেপিএলে না পাঠাতে। ক্রিকেটারদেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে, কেপিএলে গেলে আর ভারতের ক্রিকেট–সংশ্লিষ্ট কোনো কাজে তাঁদের ডাকা হবে না।
আর ভারতের ক্রিকেট মানে যে বিপুল অর্থ উপার্জনের অনেক উৎস, সে তো সবারই জানা! ভারতের এই হুঁশিয়ারিতে কাজও হচ্ছে। সাবেক ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসার নাম সরিয়ে নিয়েছেন কেপিএল থেকে। কারণ হিসেবে জানিয়েছেন, ভারতের ক্রিকেটে কাজ করার সুযোগ হারাতে চান না।
৬ আগস্ট থেকে আজাদ কাশ্মীর রাজ্যের রাজধানী মুজাফফরাবাদে শুরু হতে যাচ্ছে কেপিএল, ৬ দলের টুর্নামেন্টটা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। সেখানে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস, পাকিস্তানের সাবেকদের মধ্যে শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক, শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলকারত্নে দিলশানসহ অনেকের খেলার কথা। কিন্তু এর মধ্যে নাম সরিয়ে নিলেন পানেসার।
খেলা ছাড়ার পর ‘স্পোর্টস মিডিয়া’য় ক্যারিয়ার গড়তে চান পানেসার। আর ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম, বিশেষ করে ক্রিকেট খেলাবিষয়ক সংবাদমাধ্যমে ক্যারিয়ার গড়ার জন্য ভারতের চেয়ে বড় ও ভালো উৎস আর এই মুহূর্তে কোনটি আছে! আইপিএল, ভারতের ক্রিকেট বাজার, ক্রিকেটে বিনিয়োগ—সব মিলিয়ে সুযোগ কম নয়। কোচিং, ধারাভাষ্য, ম্যাচের আগে-পরের বিশ্লেষণ অনুষ্ঠান...টাকা কামানোর সুযোগ কম নেই।
এ সুযোগ হাতছাড়া হতে দিতে রাজি নন পানেসার। ইংল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনারকে উদ্ধৃত করে ভারতেরই সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডে লেখা, ‘কেপিএলে খেলার সুযোগ ছিল আমার, ভেবেছিলাম আরেকবার মাঠে নামতে পারব। যা-ই হোক, আমাকে বলা হলো, বিসিসিআই থেকে নাকি খেলোয়াড়দের বলা হচ্ছে যাঁরা কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলবে, তাঁদের এটার জন্য ভুগতে হতে পারে। আর আমি যেহেতু ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যমে মাত্রই ক্যারিয়ার শুরু করেছি, আমি ভারতে কাজ করতে চাই।’
কেপিএলে খেলার সঙ্গে রাজনীতির যোগসাজশ দেখছেন পানেসার, আর সেখানে নিজেকে জড়াতে আপত্তি তাঁর, ‘সব হিসাব করেই আমি সিদ্ধান্ত নিলাম, কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলা ভালো হবে না। আমি ক্রিকেট আর রাজনীতির মধ্যে জড়াতে চাই না।’
তবে তাঁর এই ‘স্বার্থত্যাগে’র বিপরীতে ভারতের ক্রিকেটে কাজ করার সুযোগও চান পানেসার, ‘আরেকবার মাঠে নামার সুযোগ পেলে যেকোনো খেলোয়াড়ই তা নিতে চাইবে। কিন্তু আশা করি, আমরা যদি এই লিগে না খেলি, ভারত আমাদের কাজের সুযোগ দেবে। আমরা ভারতে কাজ করতে চাই। ধারাভাষ্য দিতে চাই, ভারতে কোচিং করাতে চাই।’
কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলা নিয়ে খেলোয়াড়দের হুঁশিয়ারি দেওয়ায় এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গিবস বিসিসিআইয়ের কড়া সমালোচনা করে টুইট করেছিলেন। ভারতের বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও। পিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিসিসিআইয়ের ভূমিকার সমালোচনা করেছে। তার জবাবে বিসিসিআইয়ের এক কর্মকর্তা কাল বলেছেন, পিসিবির এত সমস্যা মনে হলে তারা আইসিসিতে যাক!