জামাল ভূঁইয়া–মারিয়া মান্দারা পেলেন ৫ লাখ করে টাকা
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সংবর্ধনা পেলেন মারিয়া মান্দারা। সংবর্ধনার পাশাপাশি পাঁচ লাখ করে টাকাও পেয়েছেন ফুটবলাররা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৬৬ জন ক্রীড়াবিদ ও ২২ জন কোচ-কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন। এর মধ্যে আছেন ২৫ জন পুরুষ ফুটবলার, ২৩ জন নারী ফুটবলার এবং ১৮ জন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার।
২০২০ সালে নেপালের বিপক্ষে মুজিব বর্ষ সিরিজ জয়ের জন্য জাতীয় পুরুষ দল, ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দল এবং গত বছরের নভেম্বরে কক্সবাজারে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের এ সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পুরুষ ফুটবল দলের ২৫ জন, নারী ফুটবল দলের ২৩ জন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের ১৮ জনের প্রত্যেককে প্রধানমন্ত্রী দিয়েছেন ৫ লাখ করে টাকা। তবে পুরুষ ফুটবল দলের কোচ-কর্মকর্তা ৮ জন, নারী ফুটবল দলের কোচ–কর্মকর্তা ১০ জন এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের ৪ জন কর্মকর্তা পেয়েছেন ২ লাখ করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সবার হাতে হাতে টাকার খাম তুলে দেওয়া হয়। শুধু পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্দা, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের অধিনায়ক ফয়সাল খানের হাতে প্রধানমন্ত্রী নিজে টাকার চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে এর আগেও এভাবে পুরস্কৃত হয়েছেন নারী ফুটবলাররা। আবারও সংবর্ধনা পেয়ে খুশি ফুটবলারদের সবাই। যদিও এসএসসি পরীক্ষার্থী চার নারী ফুটবলার উন্নতি খাতুন, শাহেদা আক্তার, কুহাতি কিসকু ও আফঈদা খন্দকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে পারেননি।
এর আগেও অনেকবার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন নারী ফুটবলাররা। এবারও এমন সংবর্ধনায় আপ্লুত সবাই। তাঁদের হয়ে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী বললেন, ‘প্রধামন্ত্রী বলেছেন, “ভবিষ্যতে তোমাদের আরও ভালো খেলতে হবে। যখন খেলতে নামবে, তখন চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা নিয়েই নামবে।
আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমাদের যখন যা লাগে আমি দেব।” এটা মেয়েদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এর আগেও মেয়েরা তিন-চারবার এমন পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে খেলার মাঠে এটার প্রতিদান আরও দেবে মারিয়ারা।’
অনুষ্ঠানের শুরুতে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মারিয়া এবং বাংলাদেশ শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক ফয়সাল খান বক্তৃতা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, মহিলা কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণসহ অনেকে।