বার্সায় আর্জেন্টাইন সতীর্থের চেয়ে নেইমারই পছন্দ মেসির

>করোনাভাইরাসের কারণে সব খেলা বন্ধ। কিন্তু ফুটবলের দলবদলের গুঞ্জন থেমে নেই। বার্সেলোনা আগামী মৌসুমের দলবদল পরিকল্পনায় নেইমার ও লওতারো মার্তিনেজ দুজনই আছেন। এঁদের মধ্যে নেইমারকেই নাকি বেশি পছন্দ মেসির।
করোনাভাইরাস কবে বিদায় নেবে, খেলা আবার কবে মাঠে গড়াবে তারই কোনো ঠিক নেই। কিন্তু তাই বলে তো আগামীর ভাবনা বসে থাকতে পারে না! বার্সেলোনাও আগামী মৌসুমের চিন্তাভাবনা এর মধ্যেই শুরু করে দিয়েছে।
আগামী দলবদলে যে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার আর ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লওতারো মার্তিনেজ – এই দুজনকেই মূলত কিনতে চাইবে বার্সেলোনা, সে গুঞ্জন এখন কয়েক মাসের পুরোনো।
শেষ পর্যন্ত দুজনকেই কিনতে পারবে, নাকি দুজনের একজনকে, নাকি কাউকেই পাবে না বার্সা— সে ভবিষ্যৎ বলবে। তবে দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নিতে হলে? সে ক্ষেত্রে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির নাকি একটা পছন্দ আছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, আর্জেন্টিনা জাতীয় দলে সতীর্থ মার্তিনেজের বদলে পুরোনো বন্ধু নেইমারকেই বেশি করে চান মেসি।
২০১৭ সালের আগস্টে ২২ কোটি ২০ লাখ ইউরোতে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। তাঁকে আবার ফেরাতে গত আগস্টেও অনেক দৌড়াদৌড়ি করেছে বার্সা। লাভ হয়নি। এবার আবার তাঁকে পেতে ছুটবে কাতালান ক্লাবটি। ক্লাবের সভাপতির আসনে একটু নড়বড়ে হয়ে পড়া হোসে মারিয়া বার্তোমেউও সমর্থকদের মন জোগাতে নেইমারকে ফেরাতে চান বলে গুঞ্জন। ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছেড়ে দিতে পিএসজিও মোটামুটি রাজি বলে শোনা যায়। বরং কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে এখন বেশি মনোযোগী পিএসজি। কিন্তু নেইমারকে আনতে ১৫ থেকে ১৮ কোটিরও বেশি লাগতে পারে বার্সার।
ওদিকে লুইস সুয়ারেজের ভবিষ্যৎ বিকল্প হিসেবে ইন্টার থেকে মার্তিনেজকে আনতে চায় বার্সা। কিন্তু ইন্টারে তাঁর রিলিজ ক্লজ (ইন্টারের ইচ্ছার বাইরে তাঁকে আনতে গেলে আগ্রহী ক্লাবকে যে অর্থ খরচ করতেই হবে) ১১ কোটি ইউরো বলে শোনা যায়। গত কয়েক বছরের ভুল পরিকল্পনার মাশুল গুণে আর্থিক দিক থেকে অনেকটা সঙ্গীন বার্সার একই সঙ্গে দুজনকে আনতে তাই ঘাম ছুটে যাওয়ার কথা।
কিন্তু দুজনের মধ্যে যদি কোনো একজনকে বেছে নিতে বলা হয়? সে ক্ষেত্রে বার্সা অধিনায়ক মেসির নাকি নেইমারকেই পছন্দ। স্প্যানিশ রেডিও কাদেনা সের নাম প্রকাশ না করে ক্লাবের এক উৎসকে উদ্ধৃত করে লিখেছে, 'যদি ওকে (মেসি) লওতারো আর নেইমারের মধ্যে কোনো একজনকে বেছে নিতে বলা হয়, এটা পরিষ্কার যে লিও মেসি ব্রাজিলিয়ানকেই পছন্দ করবে।'