ভারতে ডুরান্ড কাপে খেলবে মোহামেডান-শেখ জামাল

শেখ জামাল-মোহামেডানকে দেখা যাবে ভারতের ডুরান্ড কাপেফাইল ছবি: প্রথম আলো

ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগামী ৫ সেপ্টেম্বর ভারতে শুরু হবে এই টুর্নামেন্ট।

ডুরান্ড কাপের এবারের আসরে খেলবে আইএসএলের ক্লাব হায়দরাবাদ এফসি, বেঙ্গালুরু এফসি, এটিকে মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বাই এফসি। এ ছাড়া আই লিগের দল থেকে অংশ নিচ্ছে গোকুলাম কেরালা এফসি, কলকাতা মোহামেডান, টিডডিম রোড অ্যাথলেটিক ইউনিয়ন এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, রিয়াল কাশ্মীর এফসি ও চার্চিল ব্রাদার্স। বাকি দলগুলো ভারতের বিভিন্ন সার্ভিসেস সংস্থা থেকে নেওয়া হবে।

মোহামেডান দল
ফাইল ছবি: প্রথম আলো

১৬ দলের টুর্নামেন্টে চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। প্রতি গ্রুপের সেরা দুটি দল খেলবে কোয়ার্টার ফাইনালে।
মোহামেডানের ফুটবল ম্যানেজার আবু হাসান চৌধুরী আজ প্রথম আলোকে জানিয়েছেন, ‘ডুরান্ড কাপের আয়োজকেরা আমাদের সেখানে খেলতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে রাজি হয়েছি।’

শেখ জামাল
ফাইল ছবি: প্রথম আলো

আগামী ২ সেপ্টেম্বর মোহামেডান ও শেখ জামালকে ভারতে পৌঁছাতে হবে। সেখানে চার দিনের কোয়ারেন্টিনের পর মাঠে নামবে বাংলাদেশের দুই দল।

এর আগে ২০১৪ সালে ভারতের আরেকটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডে খেলেছিল শেখ জামাল। সেবার ফাইনালে উঠে আলাদাভাবে সবার নজর কেড়েছিল শেখ জামাল ক্লাব। যদিও শেষ পর্যন্ত ফাইনালে কলকাতা মোহামেডানের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল শেখ জামাল। নির্ধারিত সময়ে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতা।

প্রায় সাত বছর পর আবারও ভারতে আরেকটি টুর্নামেন্টে খেলতে যাচ্ছে শেখ জামাল। ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ তাই ভীষণ উচ্ছ্বসিত, ‘ডুরান্ড কাপে আমন্ত্রণ পেয়ে আমরা খুব খুশি। যেহেতু এখানে খেলবে ভারতের আই লিগ ও আইএসএলের দল, এমন টুর্নামেন্টে খেলার সুযোগ আমাদের জন্য বিশেষ কিছু।’

প্রিমিয়ার লিগে এখনো মোহামেডানের ম্যাচ বাকি রয়েছে আটটি। শেখ জামালকে খেলতে হবে আরও ৯টি ম্যাচ। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে শেখ জামাল। ৩২ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান।