ঈদের বাজারে ৩০ হাজার টাকার মধ্যে ৯ স্মার্টফোন
ঈদ মানেই আনন্দ। আর তাই ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগির স্মৃতি ধরে রাখতে ভালো মানের ক্যামেরাযুক্ত স্মার্টফোন কেনেন অনেকে। বাজারে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ভালো মানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ফোনের কারিগরি দিক ও দাম জেনে নেওয়া যাক।
১. রিয়েলমি সি৮৫ প্রো
১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস পর্দার এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ছবি তোলার জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স এবং আইপি৬৯ প্রো রেটিংযুক্ত ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙে না, পানি বা ধুলাবালুতে নষ্ট হয় না। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিনির্ভর ফোনটি দ্রুত চার্জও করা যায়। ফোনটির দাম ২১ হাজার ৭৫০ টাকা।
২.ওয়ালটন নেক্সজি এন২৮ প্রো
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে হেলিও জি৮১ প্রসেসরের পাশাপাশি ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা দিয়ে ১০৮০ পিক্সেল রেজোল্যুশনের ভিডিও ধারণ করা যায়। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ১৮ ওয়াটের চার্জিং–সুবিধা থাকায় দ্রুত চার্জ করার সুবিধা মিলে থাকে। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটির দাম ২২ হাজার ৪৯৯ টাকা।
৩. অপো এ৬
১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস পর্দা রয়েছে ফোনটিতে। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ২টি ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে পানি ও ধুলাবালু থেকে সুরক্ষার জন্য আইপি৬৯ রেটিং এবং আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর রয়েছে। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত ফোনটির দাম ২৩ হাজার ৩০০ টাকা।
৪.ভিভো ওয়াই২১ডি
৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেসযুক্ত ৬.৬৮ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পর্দা রয়েছে ফোনটিতে। ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসরে চলা ফোনটিতে ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেল ও ০.০৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর এবং আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংযুক্ত ফোনটি ধুলাবালু ও পানিরোধক। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং–সুবিধা থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির দাম ২৩ হাজার ৫০০ টাকা।
৫.অনার এক্স৭ডি
১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৭ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি এলসিডি পর্দাযুক্ত ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। ফোনটির পেছনে ১০৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ক্যামেরাসহ সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং–সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায় ফোনটি। ফোনটির দাম ২৩ হাজার ৬০০ টাকা।
৬. টেকনো স্পার্ক ৫০ ৫জি
৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে ফোনটিতে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির এইচডি পর্দার ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি+ প্রসেসর থাকায় দ্রুত বিভিন্ন কাজ করা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যার উভয় পাশেই রয়েছে ফ্ল্যাশলাইট। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে আইপি৬৪ রেটিংসহ আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর এবং ডিটিএস সাউন্ড প্রযুক্তির স্পিকারও রয়েছে। ৬ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।
৭. শাওমি রেডমি নোট ১৫
৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ১০৮০ বাই ২৩৯২ পিক্সেল রেজোল্যুশনের ৬.৭৭ ইঞ্চি পর্দা রয়েছে। মিডিয়াটেক প্রসেসরে চলা ফোনটির পেছনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ও ০.০৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। আইপি৬৪ রেটিং থাকায় ধুলাবালু ও পানির ছিটেফোঁটায় নষ্ট হয় না ফোনটি। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং–সুবিধাও রয়েছে। ফোনটির দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।
৮. স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি
৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড পর্দা রয়েছে ফোনটিতে। এক্সিনোস ১৩৩০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ৫ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং–সুবিধা রয়েছে, ফলে দ্রুত চার্জ করা যায়। ফোনটির দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।
৯. ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস
যাঁরা ভালোমানের পর্দা খুঁজছেন, তাঁদের জন্য এই ফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড পর্দা। মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর এবং আইপি৬৫ রেটিংযুক্ত ফোনটিতে ৫ হাজার ১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং–সুবিধাও রয়েছে। ফোনটির দাম ২৮ হাজার ২০০ টাকা।