গুগল আই/ও সম্মেলন শুরু হচ্ছে আজ, অনলাইনে দেখা যাবে যেভাবে
গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য আয়োজিত বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। দুই দিনের এ সম্মেলনে গুগলের বিভিন্ন পণ্য ও সেবায় নতুন সুবিধা যুক্ত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির বড় ধরনের অগ্রগতির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্মেলনের শুরুতেই গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, ডেমিস হাসবিসসহ সার্চ, ক্লাউড ও অ্যান্ড্রয়েড বিভাগের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেবেন।
সাম্প্রতিক বছরগুলোতে গুগলের প্রায় সব বড় আয়োজনেই এআই প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এবারও জেমিনি, এআই এজেন্ট, স্মার্ট গ্লাস ও নতুন অপারেটিং সিস্টেম নিয়ে বিভিন্ন ঘোষণা আসতে পারে। একই সঙ্গে একাধিক নতুন প্রযুক্তিপণ্যও প্রদর্শন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কখন ও কীভাবে দেখা যাবে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শহরের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে হবে গুগল আই/ও ২০২৬ সম্মেলনের মূল আয়োজন। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় সুন্দর পিচাইয়ের মূল বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে গুগলের ইউটিউব চ্যানেল ও আই/ও ওয়েবসাইটে। গত বছরের আই/ও সম্মেলনের মূল বক্তব্য প্রায় দুই ঘণ্টাব্যাপী হয়েছিল। ফলে এবারও দীর্ঘ সময়জুড়ে একের পর এক নতুন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা আসতে পারে।
যেসব ঘোষণা আসতে পারে
গুগলের তথ্য অনুযায়ী, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দিনজুড়ে বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী, ডেমো ও বিশেষ সেশনও সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলনে ভবিষ্যতে এআইয়ের প্রভাব ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবেন প্রযুক্তি–বিশেষজ্ঞ ও বিভিন্ন খাতের নেতারা।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এবারের আয়োজনের অন্যতম আলোচিত বিষয় হতে পারে গুগলের নতুন জেমিনি মডেল। সম্মেলনে লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) নতুন সংস্করণও উন্মোচন করতে পারে গুগল। স্মার্ট গ্লাস প্রযুক্তি এবারের আই/ও সম্মেলনে বিশেষ গুরুত্ব পেতে পারে। অ্যান্ড্রয়েড এক্সআরভিত্তিক স্মার্ট চশমা নিয়ে গুগলের নতুন পরিকল্পনার ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। গত বছর চশমাটির প্রাথমিক সংস্করণ প্রদর্শন করেছিল গুগল, যা প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
সম্মেলনে জেনারেটিভ এআইভিত্তিক বিভিন্ন পণ্যে নতুন সুবিধা যুক্তের ঘোষণা দিতে পারে গুগল। তবে নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাবনা কম। কারণ, গুগল সাধারণত আগস্টে অনুষ্ঠিত ‘মেড বাই গুগল’ আয়োজনেই নতুন পিক্সেল ডিভাইস ঘোষণা দিয়ে থাকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস