ভারতে পেগাসাস–কাণ্ড তদন্তের দাবি নিতীশেরও
পেগাসাস-কাণ্ডের তদন্তের জন্য বিরোধীদের দাবিতে সুর মেলালেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। সোমবার পাটনায় তিনি বলেন, অবশ্যই এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। এভাবে মানুষকে বিব্রত ও হয়রানি করা ঠিক নয়।
মুখ্যমন্ত্রীর এই বিবৃতি নিঃসন্দেহে শাসক বিজেপিকে যেমন বিব্রত ও বিড়ম্বিত করবে, তেমনই উৎফুল্ল করবে বিরোধীদের। সোমবারই ঠিক হয়েছে, মঙ্গলবার সকালে সংসদ ভবনের অদূরে কনস্টিটিউশন ক্লাবে বিরোধী নেতারা মিলিত হবেন। পেগাসাস-কাণ্ডসহ বিভিন্ন বিষয়ে বিরোধী ঐক্য জোরদার করতে কী কী করণীয়, তা ওই বৈঠকে ঠিক করা হবে। রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাগড়ে সংবাদমাধ্যমকে এই বৈঠকের খবর দিয়ে বলেছেন, ১৪ দলের নেতারা হাজির হবেন বলে তাঁরা মনে করছেন। রাহুল গান্ধীও সেই বৈঠকে থাকবেন।
খাগড়ে এর আগেও একবার বিরোধীদের বৈঠক ডেকেছিলেন। সেখানে রাহুলও হাজির হয়েছিলেন। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস হাজির ছিল না। তবে আজকের বৈঠকে তারা যোগ দেবে।
পেগাসাস-কাণ্ড অর্থাৎ ফোনে আড়ি পাতা নিয়ে ভারতীয় রাজনীতি উত্তাল। বর্ষাকালীন অধিবেশনের একটা দিনও সংসদ সুষ্ঠুভাবে চলতে পারেনি। বিরোধীরা এ নিয়ে সুপ্রিম কোর্টের তদারকিতে তদন্তের দাবিতে অনড়। তাঁদের দাবি, সংসদে এ নিয়ে আলোচনা করতে হবে। সরকারকে জানাতে হবে তারা ইসরায়েলি সংস্থার কাছ থেকে আড়ি পাতার প্রযুক্তি কিনেছে কি না। সরকার এই দাবি মানতে নারাজ।
সংসদীয় মন্ত্রী সরাসরিই বলেছেন, তথ্যপ্রযুক্তিমন্ত্রী এ বিষয়ে যে বিবৃতি দিয়েছেন, তার বাইরে আলোচনার আর কিছু নেই। এই চাপানউতোরের ফলে সংসদ প্রায় অচল। গুরুত্বপূর্ণ বিল পাস করানো হচ্ছে আলোচনা ছাড়াই। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়ান গতকাল কটাক্ষ করে বলেছেন, বিল পাস করানো হচ্ছে পাপড়ি চাট তৈরির মতো দ্রুত।
পেগাসাস-কাণ্ডের তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছে। সাংবাদিক এন রাম ও শশী কুমার যে মামলা দায়ের করেছেন, বৃহস্পতিবার তার শুনানি।
এই পরিস্থিতিতে নিতীশের মন্তব্য বিরোধীদের হাত শক্ত করবে। নিতীশ বলেন, অনেক দিন ধরেই টেলিফোনে আড়ি পাতার কথা শোনা যাচ্ছে। সংসদে বিষয়টি তোলা হয়েছে। মিডিয়ায় লেখালেখি হচ্ছে। অবশ্যই এ নিয়ে আলোচনা হওয়া উচিত। তদন্তও। সব বিষয় স্পষ্ট হওয়া দরকার। মানুষের জানা দরকার, কী হচ্ছে। ব্যবস্থাও নেওয়া উচিত।
কেন্দ্রে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় থেকে নিতীশের সঙ্গে বিজেপি নেতৃত্বের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। নিতীশ দুটি মন্ত্রী পদ চেয়েছিলেন। দেওয়া হয় একজনকে।