ব্রিটিশ দূতকে তলব করেছে ইরান
ইরানে নিযুক্ত ব্রিটিশ দূতকে তলব করেছে তেহরান। এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন। সোমবার পাল্টাপাল্টি এই তলবের ঘটনা ঘটে। ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতির মধ্যে পরস্পরের দূতকে তলবের ঘটনা ঘটল।
গত বৃহস্পতিবার ওমান সাগরে জাহাজে ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। যদিও এই অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নিহত হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব কথা জানানো হয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে ফেলে—এমন কাজ থেকে ইরানকে অবশ্যই বিরত থাকতে হবে।’ এই হামলাকে ‘বেআইনি আক্রমণ’ উল্লেখ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইরান যে কাজ করেছে, তার পরিণতি ভোগ করতে হবে।
এদিকে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানকে জড়িয়ে যুক্তরাজ্যের বক্তব্যের প্রতিবাদে ব্রিটিশ দূতকে তলব করে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ সতর্ক করে বলেছেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না।
এম ভি মার্সার স্ট্রিট নামের ওই জাহাজটি ড্রোন ব্যবহার করে হামলা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইম জাহাজটি পরিচালনা করছে। তানজানিয়া থেকে ভারত মহাসাগর পাড়ি দিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাওয়ার পথে তেলবাহী জাহাজটি হামলার শিকার হয়।
এর আগেও ইরান ও ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ করেছে। সম্প্রতি এসব ঘটনাকে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করেছেন অনেকেই। এর আগে জাহাজে হামলা হলেও প্রাণহানির ঘটনা এটাই প্রথম। হামলায় ব্রিটিশ নাগরিক নিহত হওয়ার ঘটনায় ব্রিটিশ পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে।