দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগান, উইসকনসিনে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা

ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি। শেষ সময়ে এসে ‘ব্লু ওয়াল’ অঙ্গরাজ্যগুলোর দুটি মিশিগান ও উইসকনসিনে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে স্পষ্টত এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। আর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুজনে সমানে সমান। গতকাল বুধবার সিএনএনের জরিপে এমন চিত্রই উঠে এসেছে।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী।

যুক্তরাষ্ট্রে ১৮টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া ‘ব্লু ওয়াল’ অঙ্গরাজ্য হিসেবে পরিচিত। অর্থাৎ এসব অঙ্গরাজ্য মূলত ডেমোক্র্যাট–অধ্যুষিত। ১৯৯২ থেকে ২০১২ সাল পর্যন্ত সব কটি প্রেসিডেন্ট নির্বাচনে এসব অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক প্রার্থীরা জিতেছেন। একমাত্র ব্যতিক্রম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

সিএনএনের জরিপ অনুযায়ী, ‘ব্লু ওয়াল’ অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিশিগানে ৪৮ শতাংশ সমর্থন পেয়েছেন কমলা। আর ট্রাম্পের ঝুলিতে গেছে ৪৩ শতাংশ সমর্থন। উইসকনসিনে এগিয়ে কমলা। তাঁর প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ মানুষের। এই অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। কাজেই এ দুটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট কমলার ঝুলিতে যাবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের।

অন্যদিকে সিএনএনের জরিপে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে কমলা ও ট্রাম্পের সমর্থন সমান, ৪৮ শতাংশ করে। তাই ৫ নভেম্বরের নির্বাচনে এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট কার ঝুলিতে যেতে পারে, এটা এখনই অনুমান করা কঠিন।

আরও পড়ুন

মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া—এ তিন অঙ্গরাজ্য মিলে মোট ৪৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্লু ওয়াল’ অঙ্গরাজ্য হিসেবে পরিচিত হলেও মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ায় ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছিলেন। তবে বছর চারেক পর ২০২০ সালের নির্বাচনে তিনটি অঙ্গরাজ্যে জয় ছিনিয়ে নেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

রবার্ট এফ কেনেডি জুনিয়র এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন। পরে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে সমর্থন দেন ট্রাম্পকে। সিএনএনের জরিপের তথ্য, প্রার্থিতা থেকে সরে গেলেও উইসকনসিন ও মিশিগানে কেনেডি জুনিয়রের জনপ্রিয়তা রয়েছে।

আরও পড়ুন

সিএনএনের হালনাগাদ জরিপ বলছে, মিশিগানে ৩ শতাংশ সমর্থন পেয়েছেন কেনেডি জুনিয়র। আর উইসকনসিনে তাঁর সমর্থন ১ শতাংশ। তাঁর পক্ষের এসব ভোট শেষ পর্যন্ত ট্রাম্পের ঝুলিতে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। মিশিগানে স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন আগাম ভোট চলছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের খবর, আগাম ভোট দেওয়া মানুষের কেউ কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। এবার ইতিমধ্যে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন