রাজবাড়ীর গোয়ালন্দে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যৌনকর্মীর লাশ নানা জটিলতার পর বৃহস্পতিবার রাতে দাফন হয়েছে।
এলাকাবাসী সূ্ত্রে জানা যায়, কয়েকদিন ধরে বয়স্ক ওই নারী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। ওই নারীর লাশ হাসপাতালে পড়ে ছিল দীর্ঘক্ষণ। লাশ গ্রহণ করার মতো কাউকে পাচ্ছিলেন না তাঁরা। বিষয়টি থানা ও উপজেলা প্রশাসনকে জানানো হলে সন্ধ্যায় একটি দল আসে। অনেক জটিলতার পর স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশ গাড়িতে তুলে দেওয়া হয়।
দৌলতদিয়া ইউপির সদস্য আব্দুল জলিল ফকীর বলেন, করোনার আতঙ্কে লাশের কাছে কেউ যেতে চাইছিল না।পরবর্তীতে পুলিশের সহযোগিতায় স্থানীয় কয়েক যুবককে সঙ্গে নিয়ে তাঁরা দাফনের কাজ সম্পন্ন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত বলেন, 'এ ধরনের সমস্যা নিয়ে কেউ মারা গেলে করণীয় সর্ম্পকে ইসলামিক ফাউন্ডেশনকে আগে থেকে নির্দেশনা দেওয়া ছিল। এরপর যাতে আর কোনো জটিলতা না ঘটে সে জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে শনিবার জরুরি সভা আহ্বান করেছি।'