
পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে এবার জয়পুরহাটে এক নবজাতকের নাম রাখা হলো ‘পদ্মা সেতু’। শনিবার আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাত ১০টা ৪২ মিনিটে জয়পুরহাট গ্রাজুয়েট জেনারেল হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়। নবজাতকের মা-বাবা সেতুর সঙ্গে মিলিয়ে তার নাম পদ্মা সেতু রেখেছেন।
নবজাতকের বাবা মিজানুর রহমান ওরফে মোশারফ জয়পুরহাট শহরের আরাফাত নগর মহল্লার বাসিন্দা। তিনি সদর উপজেলা শ্রমিক লীগ ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমানের স্ত্রী বীথি রহমানের প্রসব ব্যথা উঠলে শনিবার তাঁকে জয়পুরহাট শহরের আমতলী এলাকায় অবস্থিত গ্রাজুয়েট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ১০টা ৫২ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তানের জন্ম দেন বীথি। হাসপাতালেই নবজাতকের নাম রাখা হয় পদ্মা সেতু।
মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংসারে একটি মেয়ে আছে। গতকাল রাতে অস্ত্রোপচারের মাধ্যমে আমার স্ত্রী ছেলেসন্তানের জন্ম দিয়েছে। এই দিন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলের নাম পদ্মা সেতু রেখেছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
নবজাতকের মা বীথি রহমান বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনে ছেলে হয়েছে। দিনটি সারা জীবন মনে রাখতে তার নাম পদ্মা সেতু রেখেছেন।