
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া করোনা ডেডিকেটেড ৮০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫৫৪। আজ সোমবার দুপুরে নরসিংদীর সিভিল সার্জন নূরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৪৪২ জনের নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন সর্বোচ্চ ৪৪ জন। এ ছাড়া পলাশে ২১ জন, রায়পুরায় ৭, বেলাবতে ২৭, মনোহরদীতে ১৮ ও শিবপুরে ৩৪ জন শনাক্ত হয়েছেন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩৪।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৭৩ জন মারা গেছেন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৫ জন, পলাশে ৭, বেলাবতে ৭, রায়পুরায় ৯, মনোহরদীতে ৬ ও শিবপুরে ৯ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় ৭ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশিসংখ্যক রোগী শনাক্ত হয়েছেন সদর উপজেলায় ৪ হাজার ১৬৩ জন। শিবপুরে ৮৬৫ জন, পলাশে ১ হাজার ২১৫, রায়পুরায় ৪২৩, বেলাবতে ৪৮৫ ও মনোহরদীতে ৪০২ জন শনাক্ত হয়েছেন। তবে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৪০৮ জন।
নতে চাইলে সিভিল সার্জন মো. নুরুল ইসলাম জানান, এ মুহূর্তে জেলায় বর্তমানে মোট করোনার রোগীর সংখ্যা ২ হাজার ১১৩। এর মধ্যে করোনা ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ৬৭ জন চিকিৎসাধীন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি ৩৯ জন। নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২ হাজার ৪৬ জন।