
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস ও তাঁর ছেলেমেয়েকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর বিরুদ্ধে। রোববার গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লায় অবস্থিত দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
এর আগে শুক্রবার সংসদ সদস্য আবদুল কুদ্দুসের বিরুদ্ধে সংগঠন পরিপন্থীভাবে ছায়া কমিটি গঠন করে দলের ভেতর বিভেদ সৃষ্টি; সরকারি পুকুর ভরাট করে বাড়ি নির্মাণসহ তাঁর ছেলের নামে প্রতিষ্ঠিত কল্লোল ফাউন্ডেশন, মহিলা সমিতির জায়গা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিল গুরুদাসপুর উপজেলা, পৌর আওয়ামী লীগ।
ওই সংবাদ সম্মেলন করার পর রোববার বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য আবদুল কুদ্দুস-সমর্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংসদ সদস্য-সমর্থিত কমিটির সহসভাপতি মো. আবদুল মজিদ। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দলীয় বিরোধের জেরে ২১ জুন উপজেলার মশিন্দা উচ্চবিদ্যালয় মাঠের একটি সমাবেশ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ সংসদ সদস্য আবদুল কুদ্দুস তাঁর মেয়ে যুব মহিলা লীগের সহসভাপতি কোহেলী কুদ্দুস ও একমাত্র ছেলে আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুসকে হত্যার হুমকি দিয়েছেন। এ ছাড়া পৌর মেয়রের বিরুদ্ধে বিভিন্ন সময় অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং সংগঠনপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুর রহিম মোল্লা, মো. রবিউল করিম ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি রাজ কুমারকাশী, যুগ্ম সম্পাদক মো. মো. সবুজ ফকির, পৌর আওয়ামী লীগের নেতা শেখ মো. আলমগীর হোসেন, প্রভাষক মোজাম্মেল হক, মো. মনিরুল ইসলাম, প্রভাষক মো. মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ প্রমুখ।
অভিযোগের বিষয় শাহনেওয়াজ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সাংগঠনিক কর্মীদের সমর্থন হারিয়ে এবং নিজের নানা অপকর্ম ঢাকতে তাঁর লোকজন দিয়ে সংবাদ সম্মেলন ডেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।