
সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ–সংবলিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। এই আপিল শুনানির জন্য আগামী ৯ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ বৃহস্পতিবার এই তারিখ নির্ধারণ করেন।
মূল আপিলে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। এর আগে মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সাত আইনজীবীর করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছরের ২ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়।
বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদে অধস্তন আদালতগুলোর নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিষয়ে বলা আছে। এতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ শৃঙ্খলা বিধানের বিষয়টি রাষ্ট্রপতির ওপর ন্যস্ত। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি তা প্রয়োগ করবেন বলে উল্লেখ রয়েছে।
সংবিধানের অষ্টম সংশোধনী ও ষোড়শ সংশোধনী মামলার রায়ের সিদ্ধান্ত অনুসারে, ১৯৭২ সালের সংবিধানে ১১৬ অনুচ্ছেদ যেভাবে ছিল, সেভাবে সংবিধানে পুনর্বহাল হবে বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে নির্দেশ দেওয়া হয় রায়ে। এ ছাড়া সংবিধান ও আইনের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা জড়িত থাকায় আপিল করার জন্য সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুসারে সার্টিফিকেট ইস্যু করা হয়।
চলতি বছরের ৭ এপ্রিল ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ।
এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ আপিল করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ৩৮ নম্বর ক্রমিকে ওঠে। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে ছিলেন। রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ে চেম্বার আদালত স্থগিতাদেশ দেননি। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ৯ জুন শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত।