
ঢাকা রিজেন্সিতে তিন দিনব্যাপী ‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ এক্সটেন্ডেড’ শুরু হচ্ছে কাল রোববার। এ সময় সেলিব্রিটি আর্কাইভের কালেকশন প্রদর্শনী ও বিক্রয় চলবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে এ আয়োজন।
এর আগে ঢাকার আলোকিতে ১৯ ও ২০ মে অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী আয়োজন ‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ ফেস্টিভ্যাল ২০২৬’। যেখানে ফ্যাশন, সংস্কৃতি ও সচেতনতার এক অনন্য মেলবন্ধন দেখেছেন দর্শনার্থীরা।
দেশের বিভিন্ন অঙ্গনের তারকাদের পোশাকের পুনর্ব্যবহার বা ‘রিওয়্যার রেভোল্যুশন’কে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজক চারজন উপস্থাপক—নীল হুরেজাহান, সোনিয়া রিফাত, অর্চি রহমান ও মৌসুমী মৌ।
আয়োজনটিতে দেশের ৩৬ জন তারকা একত্র হন নিজেদের ব্যবহৃত পোশাক ও সংগ্রহ নিয়ে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। উদ্দেশ্য ছিল একটাই—ফ্যাশন মানেই নতুন কিছু নয়; বরং প্রিয় পোশাকের পুনর্ব্যবহারও হতে পারে দায়িত্বশীল ও স্টাইলিশ সংস্কৃতির অংশ।
দুই দিনজুড়ে আলোকি হয়ে উঠেছিল সচেতন ফ্যাশনপ্রেমীদের প্রাণকেন্দ্র। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির ভিডিওগুলো ‘ভাইরাল’ হয়ে পড়ে। দর্শনার্থী ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি তারকারাও মুগ্ধ হন পুরো আয়োজনের ইতিবাচক সাড়ায়।
অনুষ্ঠানে ছিল ‘ইনফ্লুয়েন্স উইথ ইনটেনশন: ফ্যাশন, কালচার অ্যান্ড রেসপনসিবিলিটি’ শীর্ষক দুটি বিশেষ প্যানেল আলোচনা। প্রথম দিনে অভিনেত্রী পারসা ইভানা ও ফ্যাশন ডিজাইনার তানহা শেখ এবং দ্বিতীয় দিনে অভিনেত্রী নাজিফা তুষি ও টেকসই ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসী আলোচনায় অংশ নেন। আলোচনা দুটি সঞ্চালনা করেন নীল হুরেজাহান।
বাংলার ঐতিহ্যবাহী তাঁত ও জামদানি শিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেও ছিল বিশেষ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই চালু করা হয় লাইভ হ্যান্ডলুম। দুই দিন ধরে তাঁতিরা দর্শনার্থীদের সামনেই বুনে সম্পূর্ণ করেন একটি জামদানি ওড়না। সমাপনী মুহূর্তে আয়োজকদের সঙ্গে নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত তাঁত থেকে ওড়নাটি কেটে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন বয়নপ্রক্রিয়া।
এই লাইভ অভিজ্ঞতা দর্শনার্থীদের মধ্যে তৈরি করে ভিন্ন রকম আবেগ। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও মুগ্ধ হয়ে কাছ থেকে দেখেন জামদানি তৈরির সূক্ষ্ম শিল্প। অভিনেতা তৌসিফ মাহবুব, মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী এবং অভিনেত্রী নাজিফা তুষিও নিজের হাতে সুতা নিয়ে তাঁত বুননের অভিজ্ঞতায় অংশ নেন।
দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল ব্যান্ড অ্যাভয়েড রাফার পরিবেশনার মাধ্যমে। সন্ধ্যায় কণ্ঠশিল্পী মেজবাহ বাপ্পীর পরিবেশনা উপভোগ করে আগত দর্শনার্থীরা।
এ ছাড়া উদ্যোক্তা ও বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৮০টি স্টল পুরো আয়োজনকে পরিণত করেছিল ঈদ আয়োজনের অন্যতম মিলনমেলায়।
এই অনুষ্ঠানের সাফল্য এবং দর্শকদের ইতিবাচক সাড়ার পরিপ্রেক্ষিতে তিন দিনব্যাপী ‘সেলিব্রিটি আর্কাইভ: ঈদ এক্সটেন্ডেড’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।