এবার হবেন ‘মার্কিন প্রেসিডেন্ট’

প্রায় চার দশকের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন উমা
ছবি: ইনস্টাগ্রাম

প্রায় চার দশকের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে দেখা গেছে পাল্ফ ফিকশন থেকে কিল বিল–এর মতো চলচ্চিত্রে। কাজ করেছেন হলিউডের প্রথম সারির প্রায় সব পরিচালকের সঙ্গেই। এবার উমা থারম্যান অভিনয় করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে। খবর মার্কিন গণমাধ্যম ডেডলাইনের।

উমার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে গত মাসে। জুলিয়া হার্ট পরিচালিত হলিউড স্টার গার্ল–এ দেখা গিয়েছিল তাঁকে।

প্রাইম ভিডিওর রোমান্টিক ঘরানার ছবিটির নাম রেড, হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু, যা তৈরি হবে একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। ছবিটি পরিচালনা করবেন টনি অ্যাওয়ার্ডজয়ী নাট্যকার ম্যাথু লোপেজ। ছবিতে উমাকে নেওয়ার কারণ ব্যাখ্যা করে লোপেজ বলেন, ‘প্রেসিডেন্ট ক্লেয়ারমন্টের চরিত্রে উমা অভিনয় করতে রাজি হয়েছেন, এতে আমি ভীষণ খুশি। তাঁর বুদ্ধিমত্তা, আন্তরিকতা ও রসবোধ জনপ্রিয় এই চরিত্রের সঙ্গে পুরোপুরি মিলে যায়। তাঁর সঙ্গে কাজ করতে তর সইছে না।’

চলতি মাসেই যুক্তরাজ্যে শুরু হবে উমার নতুন ছবির শুটিং

ছবিতে উমা ছাড়াও আছেন টেইলর, জ্যাকহার পেরেজ, নিকোলাস গালিতজিন, ক্লিফটন কলিন্স জুনিয়র, স্টিফেন ফ্রে, র‍্যাচেল হিলসনসহ আরও অনেকে। চলতি মাসেই যুক্তরাজ্যে শুরু হবে ছবিটির শুটিং।

উমার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে গত মাসে। জুলিয়া হার্ট পরিচালিত হলিউড স্টার গার্ল–এ দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়া শোটাইম-এর সিরিজ সুপার পাম্পড—দ্য ব্যাটেল ফর উবার-এ তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। গোল্ডেন গ্লোবজয়ী এ তারকা এখন ব্যস্ত কমিক থ্রিলার দ্য কিল রুম-এর শুটিংয়ে।