বাংলাদেশ টেবিল টেনিস দল
বাংলাদেশ টেবিল টেনিস দল

ক্ষণস্থায়ী ঠিকানা পেল টেবিল টেনিস

আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট যুক্তরাজ্যের বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমস। এরপর ৯-১৮ আগস্ট তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। দুটি প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ টেবিল টেনিস দল। এরই প্রস্তুতিতে ব্যস্ত টেবিল টেনিস খেলোয়াড়েরা। কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে সংস্কারকাজ চলায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ছোট্ট একটা জায়গায় অনেকটা কষ্ট করে অনুশীলন করতে হচ্ছে তাঁদের।

বেশ কিছুদিন ধরেই ভালো পরিবেশে অনুশীলনের খোঁজে ছিল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। অবশেষে টেবিল টেনিস খেলোয়াড়দের অনুশীলনের জন্য একটা জায়গা মিলেছে। রাজধানীর গ্রিন বনশ্রীর রকল্যান্ড স্পোর্টস লিমিটেড ইনডোর কমপ্লেক্সে গেমসের আগপর্যন্ত অনুশীলন করবেন খেলোয়াড়েরা।

অনুশীলন করছেন টেবিল টেনিস খেলোয়াড়েরা

টেবিল টেনিস খেলোয়াড়দের নিয়ে রকল্যান্ড স্পোটর্স লিমিটেড ঘুরে দেখার পর ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনির জানান, ‘আমরা এখন যেখানে অনুশীলন করি, সেটা মোটেও মানসম্মত নয়। আমাদের খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে হয়। স্পেশাল টেকনিক কোচ নিয়ে অনুশীলন করা যায়, এমন একটা ভেন্যুর খোঁজে ছিলাম আমরা। অবশেষে রকল্যান্ড স্পোর্টস আমাদের জন্য জায়গা দিয়েছে। তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। কমনওয়েলথ গেমস ও ইসলামিক গেমসের ভেন্যু প্র্যাকটিসের যে অভাব ছিল, তাদের সহায়তায় সেটা পূরণ করতে যাচ্ছি।’

রকল্যান্ড স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুজ্জামান সুমন জানিয়েছেন, ‘জায়গার অভাবে জাতীয় টেবিল টেনিস দলের অনুশীলনে সমস্যা হচ্ছে। জাতীয় স্বার্থে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত, গর্বিত। ঢাকার বাইরে থেকে এসে কেউ যদি এখানে অনুশীলন করতে চায়, তাদের জন্যও থাকার ব্যবস্থা আছে।’