কারিগরি চাকরি মেলা: ৩ হাজার পদে চাকরির সুযোগ, আবেদন প্রায় ২৫ হাজার

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো চাকরির প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম আয়োজিত ‘কারিগরি চাকরি মেলা’। আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে এ মেলা। দিনভর ইলেকট্রিশিয়ান, মেকানিক, টেকনিশিয়ান, বিউটিশিয়ানসহ বিভিন্ন ট্রেডে চাকরিপ্রার্থীরা হাজির হন মেলায়।

মেলায় মোট ৭৬টি দেশি–বিদেশি কোম্পানি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠান প্রায় তিন হাজার জনবল নিয়োগের লক্ষ্যে সরাসরি প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের ভিড় দেখা যায়।

এবারের মেলায় প্রায় ২৫ হাজার চাকরিপ্রার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করেন।

মেলার অংশ হিসেবে দুটি বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হয়—‘সিভি রাইটিং ও ইন্টারভিউ টেকনিক’ ও ‘জাপানে কর্মসংস্থান’। এসব সেমিনারে ক্যারিয়ার বিশেষজ্ঞরা দিকনির্দেশনা দেন। পাশাপাশি ইউনিসেফ ও বিডিজবসের যৌথ উদ্যোগে অনলাইন ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং নিয়েও আলোচনা হয়।

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, ‘কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করলে শিক্ষার্থীরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও ভালো সুযোগ পেতে পারেন। চাকরি মেলার মাধ্যমে এই পথ আরও সুগম হবে বলে আমরা আশা করি।’